অনেক ডায়াবেটিস রোগীকেই নিয়মিত ইনসুলিন নিতে হয়। আর ইঞ্জেকশনের মাধ্যমে এটি গ্রহণ করতে গিয়ে বাড়তি ঝামেলা পোহাতে হয়। সম্প্রতি গবেষকরা এর বিকল্প আবিষ্কার করতে সক্ষম হয়েছেন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে পিটিআই।
ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের কিছুটা হলেও স্বস্তি দেবে নতুন আবিষ্কৃত ইনসুলিন ক্যাপসুল। এটি রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান। কিন্তু এতদিন এ ওষুধটি মুখে খাওয়ার উপযোগী না থাকায় ডায়াবেটিস রোগীদের ইঞ্জেকশনের সহায়তা নিতে হত। এতে অনেকেই বেশ বিড়ম্বনায় পড়তেন। সম্প্রতি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, শান্তা বারবারায় কর্মরত প্রফেসর সামির মিত্রাগোত্রী ও অমৃতা ব্যানার্জি গবেষকদ্বয় খাওয়ার উপযোগী ইনসুলিন ক্যাপসুল আবিষ্কার করেছেন। এটি মুখে গ্রহণ করা হলেও ইঞ্জেকশনের মতো কাজ করবে বলে জানান ভারতীয় বংশোদ্ভূত এ দুই গবেষক।
গবেষকরা মিউকোঅ্যাডহেসিভ পলিমার ব্যবহার করে এ ক্যাপসুল তৈরি করেছেন। এর ভেতরে থাকবে ইনসুলিন ও ইনটেসটিনাল পারমিয়েশন এনহ্যান্সার। এগুলোর সমন্বয়ে তৈরি ক্যাপসুল পাকস্থলি থেকেই কার্যকরভাবে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সক্ষম।
গবেষকরা জানান, ইঞ্জেকশনের মাধ্যমে ইনসুলিন গ্রহণের নানা অসুবিধা বা সীমাবদ্ধতা রয়েছে। নতুন আবিষ্কৃত এ ক্যাপসুল এসব সীমাবদ্ধতা দূর করবে। গবেষকরা অবশ্য জানিয়েছেন, এখনও ক্যাপসুলটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এটি পরীক্ষানিরীক্ষা শেষে অনুমতি সাপেক্ষে বাজারজাত করতে আরও বেশ কয়েক বছর লাগতে পারে।
ক্যাপসুলটি আবিষ্কারের বিস্তারিত তথ্য প্রকাশিত হয়েছে যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোয় ২০১৫ সালের আমেরিকান অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল সায়েন্টিস্টস (এএপিএস)-এর বার্ষিক মিটিংয়ে।
–দেশেবিদেশেডটকমডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.