কক্সবাজার জেলার চকরিয়ায় ৭০০ বস্তা সারসহ দুইটি ট্রাক জব্দ করা হয়েছে। এ সময় একটি ট্রাকের চালক ও আরেকটি ট্রাকের সহকারিকে আটক করা হয়। বুধবার দুপুরে চকরিয়া পৌরসভার পুরাতন বাসস্টেশন এলাকায় অভিযান চালিয়ে এ সব সার জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাহেদুল ইসলাম। রাত আটটায় ভ্রাম্যমান আদালত বসিয়ে তিনি ৭০০ বস্তা সার নিলামে বিক্রির নির্দেশ দিয়েছেন।
আটকরা হলেন, সাতকানিয়ার ছোটন মিয়ার ছেলে মো. মো. ইসমাঈল (৪০) ও নরসিংদীর রায়পুরের শুক্কুর আলীর ছেলে মো. রাসেল (২৭)।
জানা গেছে, চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত বিসিআইসির সার ডিলার মেসার্স সরওয়ার এন্ড কোং এর স্বত্তাধিকারী সরওয়ার কামাল অবৈধ পন্থায় আশুগঞ্জ থেকে ৭০০ বস্তা ইউরিয়া ও টিএসপি সার আনেন। এ সব সার গুদামজাত করার সময় খবর পেয়ে ইউএনও অভিযান চালিয়ে তা জব্দ করেন। ওই সময় একটি ট্রাকের চালক ও আরেকটি ট্রাকের চালকের সহকারিকে আটক করা হয়। অভিযানের খবর পেয়ে সারের মালিক সরওয়ার কামাল পালিয়ে যান।
ইউএনও মোহাম্মদ সাহেদুল ইসলাম বলেন, অবৈধ পন্থায় সার পরিবহনের অভিযোগে আটক ট্রাক চালক ও চালকের সহকারিকে আড়াই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া জব্দ করা সারের পক্ষে কেউ মালিকানার কাগজ দেখাতে না পারায় ওই সারগুলো তিন দিনের মধ্যে নিলামে তোলার নির্দেশ দেওয়া হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.