নিজস্ব প্রতিনিধি, ঈদগাঁও:
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ভোমরিয়াঘোনা এলাকায় দুই অপহরণকারীচক্রের সংঘর্ষে রশিদ নামে এক যুবক নিহত হয়েছে। সে অপহরণকারীচক্রের প্রধান ছিল বলে জানা গেছে। নিহতের লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ১৬ নভেম্বর সোমবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি বন্দুক ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ঈদগাঁও পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পুলিশ উপ-পরিদর্শক মিনহাজ মাহমুদ ভুইয়ার মতে, দুই অপহরণকারীচক্রের মধ্যে গুলিবিনিময়কালে একজন নিহতের খবরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত কেন্দ্রে অপহরণসহ ডাকাতির ৩টি মামলা রয়েছে বলে জানান।
কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরীর মতে, অপহরণের টাকা ভাগাভাগি নিয়ে অপহরণ চক্রের সদস্য রশিদ ও ভেটকার মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ লেগে যায়।
স্থানীয়রা গুলি শব্দ শুনে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপহরণকারী চক্রের সদস্য পূর্ব গজালিয়া এলাকার আব্দুর রশিদকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.