সাম্প্রতিক....
Home / জাতীয় / দিরাইয়ে হবে সুরঞ্জিত সেনগুপ্তের শেষকৃত্য

দিরাইয়ে হবে সুরঞ্জিত সেনগুপ্তের শেষকৃত্য

সুরঞ্জিত সেনগুপ্ত। ছবি:সংগৃহীত

আগামীকাল সোমবার সুনামগঞ্জের দিরাইয়ে নিজ গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে সদ্যপ্রয়াত পোড় খাওয়া রাজনীতিক সুরঞ্জিত সেনগুপ্তের শেষকৃত্য।

এর আগে রাজধানী ঢাকা, সিলেট ও সুনামগঞ্জে তাকে শেষ শ্রদ্ধা জানানো হবে। সুরঞ্জিত সেনগুপ্তের পারিবারিক সূত্রের বরাতে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে।

এছাড়া পারিবারিক সূত্রে আরও জানা গেছে, সুরঞ্জিত সেনগুপ্তকে শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ বেলা ১২টায় ঢাকেশ্বরী মন্দিরে এবং দুপুর ৩টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নেওয়া হবে।

রোববার ভোর ৪টা ২৪ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন আওয়ামী লীগের এই নেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০।

এর আগে শনিবার রাত ৮টার দিকে ফুসফুসে ইনফেকশনজনিত সমস্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে  অবস্থার অবনতি ঘটলে রাত ১০টা ২০ মিনিটে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় রোববার সকালে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়ার কথা ছিল।

১৯৪৬ সালে সুনামগঞ্জের আনোয়ারাপুরে জন্ম নেওয়া সুরঞ্জিত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন। পরে সেন্ট্রাল ল’ কলেজ থেকে এলএলবি পাস করে যোগ দেন আইন পেশায়।

সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র বিরোধী দলীয় সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত জাতীয় সংসদের দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম ও দশম নির্বাচনসহ মোট সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ থেকে।

১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদ বিষয়ক উপদেষ্টা ছিলেন তিনি। ২০০৮ সালে আওয়ামী লীগ দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার পর তিনি হন প্রথম রেলমন্ত্রী। পরবর্তীতে বিতর্কের জের ধরে তাকে দফতরবিহীন মন্ত্রী করা হয়।

সুরঞ্জিত সেন বর্তমান সংসদের আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ছিলেন। একই সঙ্গে সুপ্রিম কোর্ট বার কাউন্সিলেরও সদস্য ছিলেন তিনি।

সূত্র:priyo.com,ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.