
বার্সেলোনার জার্সিতে নেইমার। ছবি: সংগৃহীত
দল বদলের মৌসুমে ফুটবলারদের নিয়ে অনেক গুঞ্জন ভেসে ভেড়ায়। বিশেষ করে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমারের মতো তারকা ফুটবলারদের নিয়ে। এবারও এর ব্যতিক্রম হয়নি। অনেক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দিচ্ছেন নেইমার।
স্পেন ও ফ্রান্সের একাধিক সংবাদমাধ্যম নিশ্চিত করেছে ইতোমধ্যে নেইমারকে প্রস্তাব পাঠিয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা। এই প্রস্তাব নাকি গ্রহণও করেছেন ২৫ বছর বয়সী নেইমার। এমনটা হলে পিএসজিতে বছরে ৩০ মিলিয়ন ইউরো বেতন পাবেন তিনি।
স্পেনের সংবাদমাধ্যমের খবরে আরও জানা গেছে, পিএসজি সভাপতি নাসের আল খালাইফির সঙ্গে নেইমারের দলবদল নিয়ে কথা বলতে চলতি সপ্তাহে প্যারিস যাবেন তার বাবা।
বার্সেলোনার সঙ্গে নেইমারের চুক্তির মেয়াদ বেড়েছে ২০২১ সাল পর্যন্ত। চুক্তির সঙ্গে ব্রাজিলিয়ান তারকার মূল্য বেড়ে দাঁড়িয়েছে ২২২ মিলিয়ন ইউরোতে। অর্থাৎ নেইমারকে দলে ভেড়াতে হলে ২২২ মিলিয়ন ইউরো খরচ করতে হবে পিএসজিকে।
এদিকে বার্সেলোনার ক্রীড়া দৈনিক স্পোর্ট ফাঁস করেছে এক চমকপ্রদ তথ্য। সতীর্থ মেসির জন্যেই নাকি পিএসজির প্রস্তাব গ্রহণ করে বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন নেইমার! স্পোর্টে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেছে, মেসির তারকাখ্যাতির ভিড়ে কাতালান ক্লাবে বেশ অসহায় বোধ করছেন নেইমার। এজন্যই নাকি তার ঘনিষ্ঠজনরা তাকে বার্সেলোনা ছাড়ার পরামর্শ দিচ্ছেন, সেই পরামর্শ বেশ আমলে নিয়েছেন তিনি।
নেইমারের এই খবরে প্রথমে চুপ থাকলেও মুখ খুলতে একরকম বাধ্য হয়েছে বার্সেলোনা কর্তৃপক্ষ। সকল গুঞ্জন উড়িয়ে দিয়ে বার্সার সহ-সভাপতি জর্ডি মস্ত্রে বলেছেন, ‘আমি ২০০ ভাগ নিশ্চিত নেইমার বার্সেলোনাতেই থাকছেন। কোনো ক্লাব নেইমারের বাই আউট ক্লজ দিতে পারবে না।’
সূত্র:জুবায়ের আহমেদ তানিন/priyo.com,ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.