
দীপক শর্মা দীপু; কক্সভিউ :
কক্সবাজারে ১৯ ইয়াবা কারবারিকে ১০ বছর করে সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। ২১ আগষ্ট সোমবার ১২ টায় কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: ওসমান গণি এ রায় দেন।
রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনাকারি সহকারি পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট মোক্তার আহমেদ জানান- ‘ইয়াবা পাচার মামলায় (এস,টি ২০১৩/১৬) ১৯ জন আসামীকে দশ বছর সশ্রম কারাদন্ড দেয়া হয়। একই সাথে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাস কারাদন্ডাদেশ দেয়া হয়েছে। আসামীরা সবাই কারাগারে রয়েছে।
তিনি আরো জানান- ২০১৬ সালের ১৯ এপ্রিল অভিযোগ দাখিল করেন মামলার বাদি কোষ্টগার্ডের পেটি অফিসার (কমিউনিকেশন) এম. এ তাহের। আর মামলা বিচার কার্য শুরু হয় ২০১৬ সালের ২৮ সেপ্টেম্বর। এ মামলায় ৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। দীর্ঘ শুনানি শেষে ২১ আগষ্ট আদালত মামলাটির রায় দিয়েছেন।
এ মামলার দন্ডপ্রাপ্ত আসামীরা হচ্ছে টেকনাফের উত্তর লম্বরী পাড়ার শামসুল আলম প্রকাশ কালা বাম্বু, জাহেদ হোসেন, ওসিউল্লাহ, আয়ুব আলী, আজিজুল হক, রফিকুল আলম, মকবুল আহমদ, খায়রুল আমিন, ফজল করিম, মো: ইলিয়াছ, মো: আবদুল্লাহ, জাহাঙ্গীর আলম, জিয়াউর রহমান, টেকনাফের লেঙ্গুর বিল আদর্শগ্রামের আনোয়ার হোসেন, মো: রুবেল, মো: রুবেল-২, টেকনাফের মৌলবী পাড়ার রাশেদুল হক, নুরুল আলম ও টেকনাফের চান্দনী পাড়ার ইমাম হোসেন প্রকাশ নবী হোসেন।
উল্লেখ্য দন্ডিত ১ নং আসামী শামসুল আলম প্রকাশ কালা বাম্বু টেকনাফ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: আলম মেম্বারের ছোট ভাই।
মামলার এজাহারে জানা গেছে, ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮ টায় সেন্টমার্টিনের উত্তর অংশে নৌ চ্যানেলে টেকনাফ মুখি দুইটি ট্রলারে অভিযান চালায় সেন্টমার্টিন কোষ্টগার্ড। এসময় ট্রলার দুইটি তল্লাশী করে ৪০টি ইয়াবার পুটলি থেকে ৪ লাখ পিচ ইয়াবা পাওয়া যায়। পাচারের সময় ট্রলারে থাকা ১৯ জন ইয়াবা কারবারিকে আটক করা হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.