
প্রতিকী ফটো
মোহাম্মদ রফিকুল ইসলাম; বান্দরবান :
বান্দরবানের রুমা উপজেলার সাঙ্গু নদীতে গোসল করতে নেমে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ দু’জনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলা সদরের বাজার এলাকার সাঙ্গু নদীর বড়ুয়াপাড়া ঘাটে এ ঘটনা ঘটে।
মৃতরা হল- ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই বিভাগের শিক্ষক শান্তনু সরকার (২৬) ও তার বন্ধু বুয়েটের ছাত্র সাহেদ এহসান (২৫)। রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুল আলম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, শান্তনু সরকার ও তার চার বন্ধু মিলে গত বৃহস্পতিবার পর্যটন কেন্দ্র বকা লেক দেখতে যান। সেখান থেকে ফেরার পথে দুপুরে সাঙ্গু নদীর বড়ুয়াপাড়া ঘাটে তারা গোসল করতে নামেন।এসময় শান্তনু সরকার ও সাহেদ এহসান সাঁতার না জানায় পানিতে ডুবে যান। খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শান্তনু সরকার গোসল করার সময় পানিতে তলিয়ে যান। এটি টের পেয়ে সাহেদ এহসান তাকে উদ্ধারের চেষ্টা করেন। এ সময় তিনিও তলিয়ে যান। তবে সাঙ্গু নদীর ওই অংশে পানি কম থাকায় সহজেই স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বেড়াতে যাওয়া চার বন্ধুর সবার বাড়িই ঢাকায় বলে জানা গেছে।
এ ঘটনায় বান্দরবানে অবস্থানরত পার্বত্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি ও জেলা প্রশাসক মো. আসলাম হোসেন গভীর শোক প্রকাশ করেছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.