
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের পেকুয়ায় র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-৭) এর সাথে বন্দুকযুদ্ধে আব্দুল হাকিম (৩০) নামের এক শিশু ধর্ষণকারী নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের জুমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হাকিম চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখিল এলাকার শামসুল আলমের ছেলে।
র্যাব-৭ চট্টগ্রামের চান্দগাঁও ক্যাম্পের অধিনায়ক লে.কমান্ডার আশিকুর রহমান বলেন, বাঁশখালীর শেখেরখিল ইসলামীয়া দাখিল মাদ্রাসার তৃতীয় শ্রেণী পড়ুয়া এক ছাত্রী ধর্ষণের মূল অভিযুক্ত ছিল আব্দুল হাকিম। তাকে আটক করতে মঙ্গলবার সকালে র্যাবের একটি দল পেকুয়ার টইটং ইউনিয়নের জুমপাড়া এলাকায় অভিযানে যায়।
এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ধর্ষক আব্দুল হাকিম ও তার সহযোগীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে র্যাবও পাল্টা গুলি ছুড়ে। একপর্যায়ে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে আব্দুল হাকিম নিহত হলে ধর্ষকের সহযোগীরা ১টি দেশীয় তৈরী বন্দুক ও ৫ রাউন্ড তাজা কার্তুজ ফেলে পালিয়ে যায়। পরে ধর্ষক আব্দুল হাকিমের মরদেহ পেকুয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, চলতি মাসের ১৮ তারিখ বিকালে বাঁশখালীর উপজেলার শেখেরখিল ইসলামীয়া দাখিল মাদ্রাসার তৃতীয় শ্রেনীর শিশু ছাত্রী বাড়ির পার্শ্ববর্তী মাঠে গরুর জন্য ঘাস সংগ্রহ করতে যায়। এসময় আব্দুল হাকিম ওই ছাত্রীকে একা পেয়ে ধান খেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এঘটনায় শিশুর পিতা বাদি হয়ে গত ২১ এপ্রিল আব্দুল হাকিমকে আসামী করে বাঁশখালী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর থেকে ধর্ষক আব্দুল হাকিম পালিয়ে পেকুয়ায় টইটং ইউনিয়নের জুমপাড়া এলাকায় আত্মগোপনে যায়। পরে র্যাব খবর পেয়ে অভিযানে গেলে র্যাবের সাথে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। এতে আব্দুল হামিক নিহত হয়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জহিরুল ইসলাম খান বলেন, র্যাবের সাথে বন্দুক যুদ্ধে নিহত আব্দুল হাকিম নামের এক যুবকের মরদেহ পেকুয়ার টইটং ইউনিয়নের জুমপাড়া থেকে উদ্ধার করা হয়েছে। র্যাবের পক্ষ থেকে এজাহার দায়ের করা হলে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.