
গাজীপুর সিটি করপোরেশন
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণের মধ্য দিয়েছে শুরু হয়েছে নৌকা-ধানের শীষের লড়াই।
২৬ জুন, মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয়। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরপর হবে ভোট গণনা। তারপর ফলাফল ঘোষণা করবেন রিটার্নিং কর্মকর্তা।
ইতোমধ্যেই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন কেন্দ্রে অবস্থান নিয়েছেন। সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডে ৪২৫টি ভোটকেন্দ্রে ব্যালট পেপার ও অন্যান্য নির্বাচনী সরঞ্জাম রয়েছে। দলীয় প্রতীকে এবারই প্রথম এই সিটি করপোরেশনে নির্বাচন হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন হলেও এর ফল প্রভাব ফেলবে জাতীয় রাজনীতিতে।
সিটি নির্বাচনের মেয়র পদের প্রধান দুই প্রার্থী আওয়ামী লীগের জাহাঙ্গীর আলম ও বিএনপির হাসান উদ্দিন সরকার-দুজনই নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একটি সূত্র জানায়, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা গাজীপুরের নির্বাচন সফল করতে কাজ করছে। ওই সব সংস্থা বিভিন্ন ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের তালিকা তৈরি করেছে। ওই প্রতিবেদনের ওপর ভিত্তি করে ওই সব কেন্দ্রে বাড়তি পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।
গাজীপুর পুলিশ সুপার হারুন অর রশীদ জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রায় ১২ হাজার র্যাব, পুলিশ, আনসার সদস্য প্রস্তুত রাখা হয়েছে। নগরীর ৫৭টি ওয়ার্ডে পুলিশ ও আনসারের সমন্বয়ে ৫৭টি স্ট্রাইকিং ফোর্স ও সংরক্ষিত আসনে ২০টি স্ট্রাইকিং ফোর্স থাকবে। ৫৭টি ওয়ার্ডে ৫৭টি এবং অতিরিক্ত একটিসহ মোট ৫৮টি টিম মোতায়েন থাকবে।
এ ছাড়া প্রতি দুইটি ওয়ার্ডে এক প্লাটুন করে মোট ২৯ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করবে। এদের মধ্যে ১২ প্লাটুন জয়দেবপুর, বাসন চান্দনা চৌরাস্তা ও কাউলতিয়া এলাকায় দায়িত্ব পালন করবেন। এ ছাড়া ৭ প্লাটুন কোনাবাড়ি ও কাশিমপুর এলাকায়, ১০ প্লাটুন টঙ্গী এলাকায় থাকবেন।
গাজীপুরের জেলা প্রশাসক দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির জানান, নির্বাচনের আগে ও পরে চার দিন ৫৭টি ওয়ার্ডে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন। আরও ১০ জন অতিরিক্ত হিসেবে ৬৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন থাকবেন। সিটি করপোরেশনের প্রতি তিনটি ওয়ার্ডের জন্য একজন করে মোট ১৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন। তারা ২৪ জুন থেকে ২৭ জুন পর্যন্ত নগরীতে দায়িত্ব পালন করবেন।
সূত্র:ইতি আফরোজ-priyo.com;ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.