
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ফাইল ছবি
মৌলভীবাজারের রাজনগর থানার মো. আকমল আলী তালুকদারসহ চারজনকে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
১৭ জুলাই, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির আদালত এ রায় ঘোষণা করে।
আকমল আলী তালুকদার ছাড়া অপর আসামিরা হলেন- আব্দুর নুর তালুকদার ওরফে লাল মিয়া, আনিছ মিয়া ও আব্দুল মোছাব্বির।
২০১৫ সালের ২৬ নভেম্বর গ্রেফতার হয়ে কারাগারে আছেন আকমল আলী তালুকদার। বাকি আসামিরা পলাতক। এই চারজনই মৌলভীবাজার জেলার রাজনগর থানার বাসিন্দা। এর আগে যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ২৭ মার্চ মামলাটি রায়ের জন্য অপেক্ষমান (সিএভি) রেখে আদেশ দিয়েছিল ট্রাইব্যুনাল।
২০১৭ সালের ৭ মে এ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেছিলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০১৬ সালের ২৩ মার্চ আসামিদের বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আসামিদের বিরুদ্ধে হত্যা-গণহত্যা, ধর্ষণ, অপহরণসহ মানবতাবিরোধী অপরাধের দুটি অভিযোগ আনা হয়। তদন্ত প্রতিবেদনে তাদের বিরুদ্ধে আনুমানিক ১০২টি পরিবারের ১৩২টি ঘরে লুটপাট ও অগ্নিসংযোগ, ছয়জনকে ধর্ষণ, সাতজনকে অপহরণ ও ৬১ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, আসামিরা ১৯৭১ সালের ৭ মে থেকে ২৪ নভেম্বর পর্যন্ত রাজনগর উপজেলার পাঁচগাঁও ও পশ্চিমভাগ গ্রামে এসব মানবতাবিরোধী অপরাধ করেছেন।
২০১৫ সালের ২৬ নভেম্বর ওই চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। ওই দিনই রাজনগর উপজেলার পাঁচগাঁও গ্রাম থেকে আকমল আলীকে গ্রেফতার করে পুলিশ। পরে ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠিয়ে দেয়। আকমল আলী মৌলভীবাজার টাউন সিনিয়র কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ।
২০১৬ সালের ২৩ মার্চ এ চারজনের বিরুদ্ধে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এর ভিত্তিতে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) তৈরি করে ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন।
সূত্র:আমিনুল ইসলাম মল্লিক-priyo.com;ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.