
মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হাসানুল হক ইনু। ছবি: প্রিয়.কম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের ৯ দফা দাবি বাস্তবায়নে কঠোর পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
৪ আগস্ট, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যামবুলেন্স প্রদান ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
ইনু বলেন, ‘ছোট ছোট শিক্ষার্থীরা, তোমরা ঘরে ফিরে যাও। তোমাদের দাবি মেনে নিয়েছে সরকার। আন্দোলনের ৯ দফা দাবি বাস্তবায়নে কঠোর পদক্ষেপ নিয়েছে শেখ হাসিনা। তোমাদের হাতে আগামী দিনের বাংলাদেশ। তোমাদের কাছ থেকে বড়দের শিক্ষা নেওয়া উচিত। আর যাপিত জীবনের সমস্যা সমাধানে সরকার তৎপর। সে ক্ষেত্রে শেখ হাসিনাকে দোষারোপ করা সঠিক নয়।’
‘অপেক্ষা করুন গণবিস্ফোরণ ঘটবে’ বিএনপি নেতা মওদুদ আহমেদের এমন মন্তব্যের প্রেক্ষিতে ইনু বলেন, ‘বিএনপি বুঝতেই চাচ্ছে না যে শেখ হাসিনার সরকার এ সমস্যা সমাধান করে ফেলেছে। সমাধান করা সমস্যা নিয়ে তারা আবার তালগোল পাকাতে চাচ্ছে। এসব করে লাভ হবে না, এভাবে রাজনৈতিক আন্দোলন হয় না।’
মন্ত্রী আরও বলেন, ‘বিএনপির রাজনৈতিক সমস্যা সমাধানের কোনো প্রস্তাব নেই। দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, খুনের দায়ে বিচারাধীন আসামি তারেক রহমানসহ অপরাধীদের পক্ষে ওকালতি করা ছাড়া আর কোনো মাথাব্যথা বিএনপির নেই।’
ওই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য মুহাম্মদ আবদুল্লাহ, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম জামাল, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী প্রমুখ।
সূত্র:কাঞ্চন কুমার-priyo.com;ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.