
প্রতিকী ছবি
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় ফজল করিম (৫০) নামের এক ট্রাক চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোর ৪টার দিকে তার লাশটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বানিয়ারছড়া ব্রিজের নিচ থেকে উদ্ধার করা হয়। ওই চালককে জবাই করার পরও মৃত্যু নিশ্চিত করতে তার হাত ও পায়ের রগ কেটে দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছেন।
ট্রাক চালক ফজল করিম চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৃত হাকিম আলীর পুত্র।
পুলিশ ও পরিবার সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত এগারটার দিকে সহকর্মী পরিচয়ে অজ্ঞাত এক ব্যক্তি তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এর পর রাত অবদি বাড়ি ফিরে না আসায় এখানে-ওখানে খোঁজাখুঁজি শুরু হয়।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.ইয়াছির আরাফাত পরিবার সদস্যদের উদ্বৃতি দিয়ে জানান, ট্রাক চালক ফজল করিমকে বৃহস্পতিবার দিবাগত রাত এগারটার দিকে চালক পরিচয় দিয়ে অজ্ঞাত এক ব্যক্তি বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। পরে পুলিশের এসআই মাইনউদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে চালক ফজল করিমের লাশ উদ্ধার ও প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী করে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে চালক ফজল করিমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরো বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে পুলিশের একাধিক টিমকে মাঠে নামানো হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.