নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
কক্সবাজার সদরের ঈদগাঁওর পাহাড়ী এলাকায় দুই বসতবাড়ীতে ডাকাতি করার খবর পাওয়া গেছে। ১৭ অক্টোবর পূর্ব ভূতিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রাপ্ত তথ্য মতে, ঐদিন গভীর রাত্রে একদল ডাকাত কালিরছড়ার পূর্ব ভূতিয়ার পাড়া নামক এলাকায় নিরা আহমদ ও আমিনের বসতবাড়ীতে হানা দেয়। আমিনের বসতবাড়ী থেকে ডাকাতদল স্বর্ণের কানের দোল, মোবাইল ও নগদ টাকাসহ জিনিসপত্র নিয়ে নিরা আহমদের বাড়ীতে প্রবেশ করে ডাকাতেরা কিছু নিতে না পারায় সেলিনা আক্তার ও তারই ছোট ভাই নবী আলমকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয় বলে স্থানীয় লোকজন সূত্র প্রকাশ। খবর পেয়ে সকালে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল কায়েস আখন্দের নেতৃত্বে একদল পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে। এসময় সাথে ছিলেন তদন্ত কেন্দ্রের এস আই শাহাজ উদ্দিন ও ঈদগাঁও কমিউনিটি পুলিশের সম্পাদক কাইয়ুম উদ্দিন ডিসেন্ট।
এ ব্যাপারে ঈদগাঁও কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক জানান, ভূতিয়াপাড়ায় দুই বাড়ীতে ডাকাতেরা ডাকাতি করে দুইজনকে কুপিয়েছে। তবে স্থানীয় মেম্বার কামাল উদ্দিন কক্সবাজার প্রতিদিনকে দুই বাড়ীতে ডাকাতি করার বিষয়টি নিশ্চিত করে বলেন, এক বাড়ীতে ডাকাতদল রাত্রে বাড়ীতে প্রবেশ করে দুইজনকে কুপিয়ে পালিয়ে যায়, অন্যবাড়ী থেকে স্বর্ণ, টাকাসহ জিনিসপত্র নিয়ে যায়।
এদিকে তদন্ত কেন্দ্রের ইনচার্জ জানান, পাহাড়ী এলাকায় দুটি বাড়ীতে ডাকাতি করার চেষ্টা করেছিল ডাকাতদল।
উল্লেখ্য যে, দীর্ঘদিন পর্যন্ত ডাকাতি বন্ধ থাকলে ও আবারো নতুন রুপে পাহাড়ি এলাকায় মাথা চড়া দিচ্ছে ডাকাতরা। এতে করে জনমনে ফের আতংক দেখা দিয়েছে। তবে ডাকাত প্রতিরোধে গ্রামীণ জনপদ বা পাহাড়ী এলাকায় পুলিশী টহল জোরদারের দাবী সচেতন মহলের।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.