
জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের প্রেস ব্রিফিং। ছবি: সংগৃহীত
সংলাপ শেষ না হওয়া পর্যন্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল থেকে বিরত থাকতে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।
৩ নভেম্বর, শনিবার বিকেলে নির্বাচন কমিশনের ডেসপাসে ড. কামালের পক্ষ থেকে এ চিঠি জমা দেন গণফোরামের প্রচার সম্পাদক রফিকুল ইসলাম পথিক।
রফিকুল ইসলাম পথিক প্রিয়.কমকে বলেন, ‘আমি ঐক্যফ্রন্টের পক্ষ থেকে ড. কামাল হোসেন স্বাক্ষরিত একটি চিঠি নির্বাচন কমিশনকে জমা দিয়েছি। প্রধানমন্ত্রীর সংলাপকার্য শেষ না হওয়া পর্যন্ত তফসিল ঘোষণার দিনক্ষণ যেন কমিশন ঘোষণা না করে, সেটাই চিঠিতে বলা হয়েছে।’
জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, তফসিল ঘোষণার তারিখ নির্ধারণে কমিশন অপেক্ষা করলে রাজনৈতিক দল ও জনগণের মধ্যে কমিশনের প্রতি আস্থা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ড. কামাল চলমান সংলাপের বিষয়টি ইসির দৃষ্টিতে আনেন। তিনি চিঠিতে বলেন, ঐক্যফ্রন্ট আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে বসতে ইচ্ছুক। চিঠিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্ধৃত করে বলা হয়েছে, তিনি বলেছেন ৮ তারিখের পর ঐক্যফ্রন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপের বিষয়টি বিবেচনায় আছে।

ইসিকে পাঠানো ঐক্যফ্রন্টের চিঠি। ছবি: সংগৃহীত
এর আগে ১ নভেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার পর থেকে রাত সাড়ে ১০টার পর পর্যন্ত সংলাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারি দল ও জোটের ২৩ জন নেতা-মন্ত্রী এবং ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের ২০ জন নেতা অংশ নেন।
এর আগে সংলাপের আহ্বান জানিয়ে গত ২৮ অক্টোবর ড. কামাল হোসেন প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন। সেই চিঠির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী ঐক্যফ্রন্টের সাথে সংলাপে বসার সিদ্ধান্ত নেন।
বিএনপি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি এবং নাগরিক ঐক্যকে নিয়ে জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন গত ১৩ অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করেন। জোট গঠনের দিন তারা সাত দফা দাবি এবং ১১ লক্ষ্য ঘোষণা করেন।
সূত্র: প্রদীপ দাস-priyo.com; ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.