আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। প্রাথমিকভাবে একটি ব্লক অপসারণ করা হলেও তার শারীরিক অবস্থা শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের প্রধান সৈয়দ আলী আহসান। বর্তমানে বঙ্গবন্ধু মেডিকেলের সিসিইউতে রাখা হয়েছে তাকে। ৭২ ঘণ্টা পর্যবেক্ষণের পর পরবর্তী করণীয় ঠিক করবেন চিকিৎসকরা। এদিকে, উন্নত চিকিৎসার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে সিঙ্গাপুর নেয়ার প্রস্তুতি চলছে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রোববার( ৩ মার্চ) ভোরে হঠাৎ করে শ্বাসকষ্ট সমস্যা দেখা দেয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। পরে বাসা থেকে তাকে নিয়ে যাওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। সেখানে ভর্তির পর অবস্থার অবনতি হলে নিয়ে যাওয়া হয় আইসিইউতে। প্রাথমিকভাবে তার পরীক্ষা নিরীক্ষায় হার্টে তিনটি ব্লক ধরা পড়ার কথা জানান চিকিৎসকরা। সকাল সাড়ে দশটার দিকে সংবাদ সম্মেলনে চিকিৎসকরা জানান, তার অবস্থা কিছুটা উন্নতি হলেও শঙ্কামুক্ত নন। তাকে বর্তমানে হাসপাতালের সিসিইউতে রাখা হয়েছে। এসময় হাসপাতালে অহেতুক ভিড় না করতে অনুরোধ জানান চিকিৎসকরা।
কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান ডা. সৈয়দ আলি আহসান বলেন, ‘উনার এনজিওগ্রাম করা হয়েছে। এরপরে ৩টি নালী ব্লক পাওয়া গেছে। প্রাইমারী পিসিয়াই করে একটা নালী খুলে দেয়া হয়েছে। মোটামুটি স্থিতিশীল আছেন। তবে যে কোন সময় পরিস্থিতি খারাপ হতে পারে।’
ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ‘শ্বাসকষ্ট নিয়ে উনি হাসপাতালে আসেন। এরপর আইসিউতে নিয়ে যাওয়া হয়। সেখানে উনার একটা কার্ডিয়াক হার্ট এটাক হয়।’
গণমাধ্যমে ওবায়দুল কাদেরের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে ভিড় জমান দলীয় নেতাকর্মীরা। খোঁজ খবর নেন তার শারীরিক অবস্থার। ওবায়দুল কাদের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চান তারা।
মাহাবুবুল হক হানিফ বলেন, ‘এখন উনি ভাল আছেন বলে মনে হয়েছে।’
বিপ্লব বড়ুয়া বলেন, ‘শুরুতে উনার অবস্থা খারাপ ছিল। বর্তমানে উনার অবস্থা স্থিতিশীল আছে। দেশবাসীর কাছে উনার জন্যে দোয়া চাই।
ড. হাছান মাহমুদ বলেন, ‘তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার জন্যে ব্যবস্থা নেয়া হচ্ছে।’
২০১৬ সালে আওয়ামী লীগের বিশতম জাতীয় সম্মেলনে দলের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন ওবায়দুল কাদের। এছাড়া তিনি পর পর দুই মেয়াদে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
সূত্র:somoynews.tv;ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.