
মুকুল কান্তি দাশ,চকরিয়া
কক্সবাজারের চকরিয়ায় একটি দেশীয় তৈরী অস্ত্র (এলজি) ও ৫৩পিছ ইয়াবাসহ চিহ্নিত সন্ত্রাসী মাহবুবুর রহমান প্রকাশ কালা মাহাবুবকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে হারবাং ইউনিয়নের কোরবানিয়া ঘোনা এলাকা থেকে হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করেন।
আটক মাহবুবুর রহমান একই এলাকার হাজী মোস্তাফিজুর রহমানের ছেলে।
হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, গোপন সংবাদে মাদক বেচাকেনার খবর পেয়ে মঙ্গলবার ভোরে কোরবানিয়া ঘোনা মসজিদের সামনের রাস্তায় অভিযান চালানো হয়। এসময় পুলিশ দেখে মাহবুবুর রহমান পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়৷ পরে তার দেহ তল্লাশি করে দেশীয় তৈরী একটি অস্ত্র ও ৫৩পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
তিনি আরো বলেন, মাহবুবুর রহমান প্রকাশ কালা মাহাবুবের বিরুদ্ধে পাশ্ববর্তী লোহাগাড়া থানা ও চকরিয়া থানায় একাধিক মামলা রয়েছে।
পুলিশ সূত্র জানায়, মাহবুবুর রহমান প্রকাশ কালা মাহাবুব পুলিশের তালিকাভুক্ত অস্ত্রধারী মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ও অস্ত্রের ব্যবসা চালিয়ে আসছিলেন। তাকে ধরতে অনেকদিন ধরে চেষ্টা করছিল পুলিশ।
এদিকে চিহ্নিত সন্ত্রাসী কালা মাহবুবকে আটক করায় পুলিশ প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, সন্ত্রাসী কালা মাহাবুবের অত্যাচারে এতদিন অতিষ্ঠ ছিলেন এলাকাবাসী। এছাড়া মাদক ব্যবসা করে এলাকার যুব সমাজকে নষ্ট করছিল সে।
এব্যাপারে চকরিয়া থানার ওসি হাবিবুর রহমান কক্সভিউ ডট কম’কে বলেন, অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় আটক মাহবুবুর রহমানের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে জেলহাজতে পাঠিয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.