
জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করেছেন সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী। আজ মঙ্গলবার দুপুরে দলের আমির ডা. শফিকুর রহমানের কাছে পদত্যাগপত্র পাঠান তিনি।
পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন সোলায়মান চৌধুরী নিজেই। তিনি বলেন, ‘একান্তই ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। এর বেশি কিছু আপাতত বলতে পারছি না।’
দলের আমিরকে লেখা পদত্যাগপত্রে সোলায়মান চৌধুরী বলেন, ‘আশা করি ভালো এবং সুস্থতার সাথে আপনার ওপর অর্পিত দায়িত্ব আমানতদারিতার সাথে পালন করছেন। আমি এ এফ এম সোলায়মান চৌধুরী অদ্য ১০ ডিসেম্বর-২০১৯, মঙ্গলবার বেলা ১টা ৫০ মিনিটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য পদে ইস্তফা প্রদান করলাম এবং সংগঠনের সকল দায়িত্ব ও পদ থেকে পদত্যাগ করলাম।’
পত্রে আমিরের ‘সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীণ কল্যাণের’ জন্য দোয়া কামনা করেন সাবেক এই আমলা। তার ঘনিষ্ঠরা জানান, সোলায়মান চৌধুরী ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব, পাটকল সংস্থার চেয়ারম্যান, চট্টগ্রাম ওয়াসা চেয়ারম্যান, জনতা ব্যাংকের চেয়ারম্যান, পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান, রাষ্ট্রপতির সচিবসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ রাজস্ব বোর্ডের চেয়ারম্যান পদ থেকে তিনি অবসরে যান।
প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারিতে জামায়াত থেকে পদত্যাগ করেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাক। এরপর দল থেকে বহিষ্কার করা হয় মজিবুর রহমান মনজুকে। একই সঙ্গে সারা দেশের বিভিন্ন কমিটি থেকে কয়েকজন নেতা পদত্যাগ করেন। এ ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এনায়েত উল্লাহ পাটোয়ারীও কিছুদিন আগে জামায়াত থেকে পদত্যাগ করেছেন বলে জানান ‘জন আকাঙ্ক্ষার’ একজন গুরুত্বপূর্ণ সদস্য।
সূত্র: deshebideshe.com – ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.