মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
লামা-চকরিয়া সড়কের মিরিঞ্জা মাদানী নগর এলাকায় একটি ভাড়ায় চালিত এক্স নোহা গাড়িতে আগুন লেগে সম্পূর্ণ পুড়ে গেছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় এই আগুন লাগার ঘটনা ঘটে। দুর্ঘটনায় গাড়ির ড্রাইভার মোঃ এনামুল হক (৩৭) ও যাত্রী আব্দুল্লাহ মোঃ সামীর (১৩) আহত হয়। লামা ফায়ার সার্ভিস, লামা থানা পুলিশ ও স্থানীয় লোকজন আগুন নেভানোর কাজে সহায়তা করে।
গাড়ির ওয়ারিং থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান গাড়ির ড্রাইভার মোঃ এনামুল হক। গাড়িতে ড্রাইভার ও ৬ জন যাত্রী ছিল। কয়েক মিনিটের মধ্যে ভয়াবহ আগুনে গাড়িটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গাড়ির লাইসেন্স নাম্বার ঢাকা মেট্রো চ ১৫-৪৬২৭।
গাড়ির যাত্রী মোঃ জিয়াবুল হক বলেন, আমরা দুপুরে চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড পোস্ট পাড়া থেকে আলীকদম উপজেলার চিনারী বাজার এলাকায় বউ দেখতে গিয়েছিল। আলীকদম থেকে চকরিয়া ফেরার পথে লামার মিরিঞ্জা এলাকায় গাড়িতে আগুন ধরে যায়। ড্রাইভার মোঃ এনামুল হক এর বিচক্ষণতার কারণে আমরা সবাই প্রাণে বেঁচেছি। আগুন লাগার পরপরই ড্রাইভার ঝুঁকি নিয়ে গাড়ির দরজা খুলে দিয়ে আমাদের গাড়ি থেকে বের করে জীবন বাঁচায়।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নোহা গাড়ির যাত্রীদের অন্য একটি গাড়িতে করে তাদের বাড়ি চকরিয়া পাঠানো হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"




You must be logged in to post a comment.