
অনলাইন ডেস্ক :
বাংলাদেশ থেকে ভারতে নির্বাসিত লেখক তসলিমা নাসরিনকে ‘মৃত’ দেখাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। তার ভেরিফায়েড অ্যাকাউন্টটি ‘রিমেম্বারিং’ করে দিয়েছে ফেসবুক।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করলে এমনটি দেখা যায়।
সাধারণত কেউ মারা গেলে অ্যাকাউন্ট এভাবে রিমেম্বারিং করে দেয় ফেসবুক। রিমেম্বারিং মেসেজে ফেসবুক লিখেছে, ‘আমরা আশা করি যারা তসলিমা নাসরিনকে ভালোবাসেন, তারা তাকে স্মরণ ও সম্মানিত করার জন্য তার প্রোফাইল দেখে সান্তনা খুঁজে পাবেন।’
এর আগে সোমবার নিজের মৃত্যু নিয়ে অনুভূতি প্রকাশ করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন তসলিমা। পোস্টটিতে তিনি লিখেছিলেন, ‘আমি চাই আমার মৃত্যুর খবর চারদিকে প্রচার হোক যে আমি আমার মরণোত্তর দেহ দান করেছি হাসপাতালে, বিজ্ঞান গবেষণার কাজে। কিছু অঙ্গ প্রতিস্থাপনে কারও জীবন বাঁচুক। কারও চোখ আলো পাক। প্রচার হোক, কিছু মানুষও যেন প্রেরণা পায় মরণোত্তর দেহ দানে।
অনেকে কবর হোক চান, পুড়ে যাক চান, কেউ কেউ চান তাদের শরীরের পোড়া ছাই প্রিয় কোনো জায়গায় যেন ছড়িয়ে দেওয়া হয়। কেউ কেউ আশা করেন, তাদের দেহ মমি করে রাখা হোক। কেউ আবার বরফে ডুবিয়ে রাখতে চান, যদি ভবিষ্যতে প্রাণ দেওয়ার পদ্ধতি আবিষ্কার হয়! অসুখ-বিসুখে আমি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ওপর নির্ভর করি এবং জীবনের শেষদিন পর্যন্ত করবো। কোনো প্রাচীন চিকিৎসা পদ্ধতিতে আমার বিন্দুমাত্র বিশ্বাস নেই, ঠিক যেমন বিশ্বাস নেই কোনো কুসংস্কারে। জীবনের একটি মুহূর্তেরও মূল্য অনেক। তাই কোনো মুহূর্তই হেলায় হারাতে চাই না।
মরার পর আমরা কিন্তু কোথাও যাই না। পরকাল বলে কিছু নেই। পুনর্জন্ম বলে কিছু নেই। মৃত্যুতেই জীবনের সমাপ্তি। আমার জীবন আমি সারাজীবন অর্থপূর্ণ করতে চেয়েছি। মৃত্যুটাও চাই অর্থপূর্ণ হোক। মৃত্যুতেই জীবনের সমাপ্তি। আমার জীবনকে আমি অর্থপূর্ণ করতে চেয়েছ। মৃত্যুটাও চাই অর্থপূর্ণ হোক।’
ওই পোস্ট দেওয়ার একদিনের মধ্যেই তাকে ‘মৃত’ দেখাতে শুরু করে ফেসবুক।

মৃত ঘোষণার পর তসলিমা নাসরিনের ফেসবুক প্রোফাইল
এদিকে, মৃত ঘোষণা করায় তীব্র ক্ষোভ প্রকাশ করে নিজের আইডি ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তসলিমা নাসরিন। একাধিক টুইটে ফেসবুকের ওপর ক্ষোভ ঝেড়েছেন তিনি। এক টুইটে তিনি বলেন, ফেসবুক আমাকে মেরে ফেলেছে। অথচ আমি জীবিত। আমি অসুস্থ হইনি, বিছানায় পড়িনি অথবা হাসপাতালেও ভর্তি হইনি। তবু ফেসবুক আমার অ্যাকাউন্ট ‘স্মরণীয়’ করে দিয়েছে। এরপর ফেসবুক আইডির ছবি দিয়ে আরেক টুইটে এ লেখিকা বলেন, আমি পুরোপুরি জীবিত; কিন্তু আপনারা আমার ফেসবুক অ্যাকাউন্ট স্মরণীয় করে দিয়েছেন। খুবই খারাপ খবর! আপনারা এটা কীভাবে করতে পারলেন? দয়া করে আমার অ্যাকাউন্ট ফিরিয়ে দেন।
প্রসঙ্গত, ফেসবুক অ্যাকাউন্ট রিমেম্বারিং করতে হলে সাধারণত একটি ফরম পূরণ করে ফেসবুকের কাছে আবেদন করতে হয়। কেউ মারা যাওয়ার পর ওই তথ্য যাচাইপূর্বক ব্যবস্থা নেয় ফেসবুক। কিন্তু তসলিমা নাসরিনের ক্ষেত্রে কী ঘটেছে সেটি এখনো স্পষ্ট নয়। তবে এরই মধ্যে লেখিকাকে তার আইডি ফিরিয়ে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.