
অনলাইন ডেস্ক :
ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ তিন দিনের সফরে আজ সোমবার (২৫ এপ্রিল) ঢাকায় আসছেন। রাজকুমারী ম্যারি এলিজাবেথ হলেন ডেনমার্কের রাজকুমার ফ্রেডরিকের স্ত্রী। সফরের প্রথম দিনে ঢাকায় পৌঁছেই তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।
৫০ বছর বয়সি রাজকুমারী ঢাকায় ডেনমার্কের রাষ্ট্রদূত কর্তৃক আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার পরে বিকালে রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ডেনিশ রাজকুমারী। পরে বিকাল ৫টার দিকে রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে পৌঁছানোর কথা রয়েছে তার।
রাজকুমারী কক্সবাজার শহর থেকে গাড়িতে করে রোহিঙ্গা ক্যাম্পে যাবেন এবং ক্যাম্প ৫-এ বৃক্ষরোপণের মাধ্যমে মাটি ক্ষয় নিয়ন্ত্রণ ও ডিআরসির পরিবেশ পুনরুদ্ধার কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। তিনি একটি খোলা শেডে ৮-১০ জন রোহিঙ্গা সুবিধাভোগীর সঙ্গে মতবিনিময় করবেন। সেখানে গাছ লাগাবেন তিনি। ম্যারি স্থানীয় সম্প্রদায়ের সঙ্গেও কথা বলবেন।
মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে ডেনমার্কের রাজকুমারী ডেনিশ রিফিউজি কাউন্সিল-ডিআরসির ব্রিফিংয়ে যোগ দেবেন। পরে গাড়িতে করে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। তিনি সেখানে কয়েকজন রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়া স্থানীয় সম্প্রদায়ের সঙ্গেও কথা বলবেন।
বুধবার (২৭ এপ্রিল) সকালে কক্সবাজার থেকে সাতক্ষীরা যাবেন। উপকূলীয় এই জেলার কুলতী গ্রামে জলবায়ু ঝুঁকিতে থাকা মানুষের সঙ্গে রাজকুমারী কথা বলবেন। রাজকুমারী জলবায়ু ঝুঁকিপূর্ণ ওই এলাকার জনপদে ঘুরবেন এবং স্থানীয় সাইক্লোন শেল্টার ও বেড়িবাঁধ পরিদর্শন করবেন। সেখানে তিনি বাঁধের পাশে বসবাস করা প্রকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত লোকজনের সঙ্গে কথা বলবেন। বুধবার রাতে ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে রাজকুমারীর।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.