
অনলাইন ডেস্ক :
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের পরীক্ষামূলকভাবে কোভিড-১৯ টিকাদান আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) শুরু হচ্ছে। পরীক্ষামূলক পর্বের পর পরিস্থিতি পর্যবেক্ষণের পর সবকিছু ঠিক থাকলে আগস্টের শেষ সপ্তাহে এ বয়সী শিশুদের দেশে গণহারে টিকাদান শুরু হতে পারে।
সকাল ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই কর্মসূচি উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। প্রাথমিকভাবে ১২টি সিটি করপোরেশন এলাকায় এই কার্যক্রম চলবে।
৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের ক্ষেত্রেবিশেষ ব্যবস্থায় তৈরি ফাইজারের টিকা ব্যবহার করা হবে। বাংলাদেশে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনা থেকে সুরক্ষায় ফাইজারের আরও ১৫ লাখ ডোজ করোনা টিকা সম্প্রতি অনুদান হিসেবে দেয় যুক্তরাষ্ট্র। ফাইজারের টিকার ১৫ লাখ ২ হাজার ৪০০ ডোজ দেশে আসে গত ৩০ জুলাই।
এর আগে সরকার গত এপ্রিলে পাঁচ থেকে ১১ বছর বয়সীদের টিকা দেয়ার সিদ্ধান্তের কথা জানায়। শিক্ষা মন্ত্রণালয়ের সহায়তায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে শিশুদের তালিকা তৈরির কাজ চলছে। দেশে পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুর সংখ্যা আনমানিক দুই কোটি ২০ লাখ।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক মনীষী চাকমার সই করা বিজ্ঞপ্তিতে এ বিষয়ে পাঁচটি নির্দেশনা সম্পর্কে জানানো হয়।
নির্দেশনাগুলো হলো : বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকরা শিক্ষার্থীদের অভিভাবকদের জানাবেন ও দ্রুততার সাথে নিবন্ধনের অনুরোধ জানানোসহ প্রয়োজনীয় সহযোগিতা দেবেন। যেসব ৫-১১ বছর বয়সী শিক্ষার্থীর ডিজিটাল জন্ম নিবন্ধন (১৭ ডিজিট) নেই, তাদের জন্ম নিবন্ধন সম্পন্ন করে সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন নিশ্চিত করতে হবে।
সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা স্ব-স্ব ক্লাস্টারের আওতাধীন বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের টিকার নিবন্ধন নিশ্চিত করতে প্রয়োজনীয় সহায়তা ও তদারকির কার্যক্রম হাতে নেবেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা তার আওতাধীন উপজেলার শিক্ষার্থীদের টিকা নিবন্ধন কার্যক্রমের অগ্রগতি দৈনিকভিত্তিতে তদারকি করবেন। কোনো সমস্যা থাকলে সমাধানের চেষ্টা করবেন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করবেন।
বিভাগীয় উপ-পরিচালক ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা সার্বিক বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তত্ত্বাবধান করবেন ও তার আওতাধীন অধিক্ষেত্রে টিকা নিবন্ধন ও টিকাদান ব্যবস্থাপনা সুসম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন। পাশাপাশি সব ধরনের সহায়তা দেয়াসহ সার্বিক সমন্বয় কার্যক্রম হাতে নেবেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.