
নিজস্ব প্রতিনিধি; উখিয়া :
কক্সবাজারের উখিয়ায় ব্রীজের নিচ থেকে শাহাজাহান (৩৫) নামে কথিত এক সোর্সের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৮ নভেম্বর) সকালে উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী রহমতের বিল চিতাখলা ব্রিজ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে থানায় নিয়ে যায়। শাহাজাহান থাইংখালীর ধামনখালী এলাকার মো. সিরাজুল হকের ছেলে।
এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, থাইংখালী রহমতের বিল চিতাখলা ব্রিজ এলাকা থেকে শাহাজাহান নামের একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।
এদিকে, শাহাজাহানের স্ত্রী জ্যোৎস্না বেগম অভিযোগ করে বলেন, বুধবার গভীর রাতে তার স্বামীকে কে বা কারা ফোন করে বাইরে ডেকে নিয়ে যায়। এরপর থেকে আর স্বামীর খবর পাননি। সকালে খবর আসে চিতাখলা ব্রিজ এলাকায় লাশ পড়ে আছে।
তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার স্বামী হত্যার বিচার দাবি করেন।
শাহাজাহান সোর্স হিসেবে কাজ করে উল্লেখ করে এলাকাবাসী জানান, শাহাজাহান আইন-শৃঙ্খলা বাহিনীর সোর্স হিসেবে কাজ করতেন। সকালে তার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ নিয়ে যায়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.