
কুমিল্লায় নাশকতার অভিযোগে করা দুই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেয়া হাইকোর্টের জামিন আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। সেই সাথে আগামী ২৪ জুন এ বিষয়ে শুনানির জন্য তারিখ নির্ধারণ করেছেন আদালত এবং এ সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে নিয়মিত আপিল করতে বলা হয়েছে।
আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হাসনের নেতৃত্বে তিন সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও মির্জা হোসেন হায়দার।
আজ সকাল ৯টা ৪৫ মিনিটে এ বিষয়ে শুনানি শুরু হয়। প্রথমে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বক্তব্য পেশ করেন। এ সময় তিনি খালেদা জিয়ার জামিন স্থগিত চান।
পরে খালেদা জিয়ার পক্ষে বক্তব্য রাখেন খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন ও খন্দকার মাহবুব উদ্দিন খোকন।
এর আগে গত মঙ্গলবার এ মামলাগুলোয় হাইকোর্টের দেয়া জামিন আদেশ স্থগিত করেছিলেন চেম্বার বিচারপতি। বলেছিলেন, ৩১ মে (আজ) এ নিয়ে সু্প্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে।
তার আগের দিন সোমবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার তিনটি জামিন আবেদনের শুনানি গ্রহণ করে জামিন আদেশ দিয়েছিলেন।
আদালত কুমিল্লার চৌদ্দগ্রামে নাশকতার দু’টি ঘটনায় হত্যা ও সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা দুই মামলায় খালেদা জিয়ার ছয় মাসের জামিন মঞ্জুর করেছিলেন।
অন্য দিকে নড়াইলে মানহানির মামলাটি নট প্রেসড রিজেকটেড (উপস্থাপিত হয়নি) বলে খারিজ করেন। আদালত বলেছেন, ওই আদালতে (নিম্ন আদালত) মামলাটি শুনানি করে আসুন। যদি সেখানে জামিন না হয়, তাহলে আমরা দেবো। কারণ, এটা জামিনযোগ্য মামলা।
সূত্র:globetodaybd.com;ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.