
দীপক শর্মা দীপু; কক্সভিউ :
‘অবৈধভাবে খতিয়ান সৃষ্টি করে কলাতলীস্থ মাইক্রোওয়েভ স্টেশনের জমি দখলে নেমেছে প্রভাবশালীমহল। পাহাড় কেটে স্থাপনা নির্মানের কারনে যে কোন মূহুর্তে ধসে পড়তে পারে জাতীয় নিরাপত্তার কাজে ব্যবহৃত টিএন্ডটি টাওয়ার। এতে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়লে সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য প্রদানে বিঘ্ন সৃষ্টি হবে। সরকার ১৯৭৬ সালে বিটিসিএলকে ৫.৬০ একর জমি প্রদান করে। এখন নতুন করে এক দাগের দাগ অন্য দাগে দেখিয়ে ভূঁয়া খতিয়ান সৃষ্টি করে প্রভাবশালী মহল দখলে নেমেছে, পরিবেশ আইন না মেনে দেদারছে কাটছে পাহাড়, গড়ে তুলছে স্থাপনা।’
১৪ জুলাই আইন শৃঙ্খলা কমিটির সভায় এমন করে টিএন্ডটি দখলের বিষয়টি উপস্থাপন করা হয়। সেই সাথে রাষ্ট্রের স্বার্থে প্রভাবশালীদের দখল উচ্ছেদ করা এবং ভূঁয়া খতিয়ান বাতিল করার প্রস্তাব রাখা হয়। টিএন্ডটি টাওয়ারের জমি দখলের ঘটনায় আইন শৃঙ্খলা কমিটির সভায় তোলপাড় সৃষ্টি হয়।
সভায় স্পর্শকাতর মাইক্রোওয়েভ স্টেশনের জমি দখলের ঘটনার নিন্দা জানিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা বলেন, রাষ্ট ও সরকারের প্রয়োজনে যে গুরুত্বপূর্ণ টাওয়ার রয়েছে তা দখলের জন্য যারা অবৈধভাবে খতিয়ান সৃষ্টি করেছে এবং এই কাজে যে সব অসাধু কর্মকর্তা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পাহাড় কাটার কারনে তাদের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা করে আইনের আওতায় আনতে হবে। এছাড়া উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্বেও কেমন করে পাহাড় কেটে স্থাপনা তৈরি করছে তা খতিয়ে দেখতে হবে এবং অভিযান করে তা উচ্ছেদ করতে হবে উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক।
তার বক্তব্যে সাথে জোরালো সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মো: শাহাজাহান, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহেরসহ অন্যান্য সকর বক্তারা। রাষ্ট্রের স্বার্থে টিএন্ডটি টাওয়ারের প্রয়োজনীয়তা উল্লেখ করে বিষয়টিকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে সভায় বলা হয়।
সভায় বাঁকখালী নদী ও সরকারি জমি দখলমুক্ত করা, কলাতলী সড়ক দ্রুত সংস্কার করার উপর গুরুত্বারোপ করা হয়। ইয়াবায় জড়িত থাকার অভিযোগে বিশিষ্ট্যজনদের আইনের আওতায় আনা হবে।
জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো: আশরাফুল আফসার।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.