
প্রতিকী ছবি
হামিদুল হক, ঈদগড় :
ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালা থেকে অপহৃত দিনমজুর দুদু মিয়া মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেয়েছে। ৬ মার্চ রাতে অপহরণকারীরা তাকে ঈদগাঁও কালিরছড়া সংলগ্ন গহীন জঙ্গলে ছেড়ে দেয়। ছাড়া পাওয়া এ ব্যক্তি (৩৫) ঈদগড় চরপাড়ার মোক্তার আহমদের পুত্র। সকালে ঈদগড় থেকে যাত্রীবাহী সিএনজি যোগে ঈদগাঁও আসার পথে হিমছড়ি ঢালা নামক এলাকায় উঁৎপেতে থাকা ডাকাতদল তাকে অপহরণ করে গভীর জঙ্গলে নিয়ে যায়। পরে মুক্তিপণের ব্যাপারে অপহরণকারীদের ভিকটিমের পরিবারের দফে দফে কথাবার্তা চলে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
তার নিকটাত্মীয় সাইফুল ইসলাম জানান, একই দিন রাত সাড়ে ৯টা নাগাদ তাকে ঈদগাঁও কালিরছড়ার সংলগ্ন গহীন জঙ্গলে অপহরণকারীরা ছেড়ে দেয়। তবে তাকে ছাড়িয়ে আনার জন্য বিকাশের মাধ্যমে বিপুল অংকের মুক্তিপণ গুণতে হয়েছে বলে ভিকটিমের পারিবারিক সূত্র দাবী করেছে।
ঈদগাঁও তদন্ত কেন্দ্র ইনচার্জ মো. খায়রুজ্জামান ঐ দিন মজুরের ছাড়া পাওয়ার সত্যতা নিশ্চিত করে রাতে এ প্রতিবেদককে জানান, খবর পেয়ে পুলিশদল কালিরছড়া, পানিরছড়া ও রশিদ নগরের ৭/৮ কিলোমিটার পাহাড়ী এলাকায় অভিযান চালানো হয়। অপহরণকারীরা আমাদের গতিবিধি টের পেয়ে তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। উদ্ধার হওয়া ব্যক্তি তার দুলাভাইয়ের সাথে রাতে পরিবারের কাছে ফিরে যায় বলে জানান তিনি।
গাড়ীর চালক আবদুল হাকিম জানান, ১০/১২ জন হাফপ্যান্ট পরিহিত অস্ত্রধারী দূর্বৃত্ত তার গাড়ীর গতিরোধ করে যাত্রীদের মারধর ও একজন অপহরণ করে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.