সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / উখিয়া উপজেলা নির্বাচনে প্রার্থীদের উচ্ছ্বাস থাকলেও উত্তাপ নেই ভোটারদের

উখিয়া উপজেলা নির্বাচনে প্রার্থীদের উচ্ছ্বাস থাকলেও উত্তাপ নেই ভোটারদের

হুমায়ুন কবির জুশান; উখিয়া :

আগামী ২৪ মার্চ উখিয়া উপজেলা পরিষদে নির্বাচন হবে। ভোটের বাকি মাত্র ১১ দিন। এবারই প্রথম উপজেলা চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবুও নেই নির্বাচনী আমেজ।

উখিয়াতে উপজেলা চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় এরই মধ্যে নির্বাচিত হয়ে গেছেন। শুধমাত্র পুরুষ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। সে ক্ষেত্রে ভোটারদের উপস্থিতি কেমন হবে তা নিয়ে জল্পনা-কল্পনা চলছে। ভোটারদের মাঝেও নেই তেমন আগ্রহ। প্রার্থীদের প্রচারণা অনেকটাই দায়সারা। সচেতন মহল মনে করছেন, বিএনপি-জামায়াতসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল অংশ গ্রহণ না করায় নির্বাচন অনেকটাই নিরুত্তাপ।

এছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ভয় ভীতিসহ নানা অনিয়মের ফলে ভোটাররা ভোট দিতে নিরুস্বাহিত হচ্ছেন। আর এর প্রভাব পড়েছে সাধারণ ভোটারদের মাঝে। তাই ভোটাররা অনেকটা নীরব ভূমিকায় রয়েছেন। এ চিত্র কক্সবাজার জেলার রোহিঙ্গা অধ্যুষিত এলাকা উখিয়া উপজেলার।

ভোটারদের সঙ্গে আলাপকালে জানা গেছে, কবে নির্বাচন এই তথ্যই অনেকে জানেন না। সম্প্রতি জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে না পারার কারণে এবার উপজেলা নির্বাচন নিয়ে তাদের তেমন কোনো আগ্রহ নেই বলে জানান ভোটাররা।

এদিকে উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ভোটারদের আগ্রহ আরও কমে যাওয়ায় বিপাকে পড়েছেন পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। কী পরিমাণ ভোটার ভোট কেন্দ্রে হাজির হবেন এই নিয়েও শঙ্কায় তারা। ভাইস চেয়ারম্যান প্রার্থীরা বলছেন, ভোটের মাঠে শক্ত প্রতিদ্বন্দ্বি না থাকা, বিরোধী দলগুলো নির্বাচনে অংশ না নেওয়া ও যোগ্য প্রার্থীকে প্রতীক না দেওয়ার কারণেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহবুব আলম মাহবু বলেন, ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন এটাই স্বাভাবিক। আমি নির্বাচিত হই বা না হই কলঙ্ক নিয়ে মরতে চাই না। ভোট একজন নাগরিকের পবিত্র আমানত ও অধিকার। সেই অধিকার ফিরিয়ে দিতে আমি প্রত্যেক ভোটারকে নির্ভয়ে ভোট দিতে আসার আহবান জানায়।

উখিয়া সদর এলাকার ভোটার ব্যবসায়ী নুরুজ্জামানের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ভোটের কোনো উত্তাপ নেই এলাকায়। প্রার্থীদেরও আগের মতো তেমন কোনো সাড়া শব্দ নেই। ভোটের মাঠে সব দলের অংশ গ্রহণ না থাকায় ভোটারও আগ্রহ হারিয়ে ফেলেছে। ভোট নিয়ে এখন আর কিছু ভাবছি না।

উখিয়া উপজেলা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যার অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী বলেন, যতদিন বেঁচে থাকবো ততদিন জনগণের পাশে থেকে সেবা করে যাবো। মাদক মুক্ত উখিয়া উপহার দিতে শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবো।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.