
প্রেস বিজ্ঞপ্তি :
মরহুম আলহাজ্ব মোহাম্মদ নুরুল কবির এডভোকেট এর মৃত্যুতে ‘ফুলকোর্ট রেভারেন্স’ জেলা ও দায়রা জজ খোন্দকার হাসান মোঃ ফিরোজ এর সভাপতিত্বে তাঁর এজলাস কক্ষে অদ্য ১৮ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় আরম্ভ হয়। ফুলকোর্ট রেভারেন্সের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট নেজামুল হক। মরহুম এডভোকেট এর জীবন বৃত্তান্তসহ শোকপত্র পাঠ করেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আ.জ.ম. মঈন উদ্দীন। জেলা জজ সমাপনী বক্তব্যে মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন ও ‘ফুলকোর্ট রেভারেন্স’ ঘোষণা করেন এবং মরহুম সদস্যের আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। পরবর্তীতে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সদস্য এডভোকেট নেজামুল হক। উক্ত ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠান পরিচালনা করেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশিদ আমিন।
অতঃপর জেলা ও দায়রা জজ এর এজলাস কক্ষ হতে ফুলকোর্ট রেভারেন্স শেষে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে সমিতির সভাপতি এডভোকেট আ.জ.ম. মঈন উদ্দীন এর সভাপতিত্বে সকাল ১১ টায় মরহুম আলহাজ্ব মোহাম্মদ নুরুল কবির এডভোকেট এর স্মরণে শোকসভা আরম্ভ হয়। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মোঃ নুরুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশিদ আমিন।
উক্ত শোকসভায় স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন এডভোকেট আহসান উল্লাহ, এডভোকেট লুৎফুর কবির, এডভোকেট সৈয়দ আহমদ, এডভোকেট মোহাম্মদ ইউনুছ, এডভোকেট আমজাদ হোসেন, এডভোকেট কাসেম আলী, এডভোকেট আমির হোসাইন (২), এডভোকেট শ্রীধর দত্ত বাদল, মরহুম আলহাজ্ব মোহাম্মদ নুরুল কবির এডভোকেট এর কনিষ্ট পুত্র শাহরিয়ার ইকবাল সৌরভ প্রমুখ।
সভা শেষে মরহুম আলহাজ্ব মোহাম্মদ নুরুল কবির এডভোকেট এর আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ নুরুল হক।
উল্লেখ্য, আলহাজ্ব মোহাম্মদ নুরুল কবির এডভোকেট ৭ এপ্রিল’ সকাল ৮.০২ মিনিটের সময় চকরিয়াস্থ এশিয়ান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। (ইন্না নিলাহি…… রাজিউন)। পরদিন ৮ এপ্রিল সোমবার, বাদ যোহর চকরিয়ার মগবাজারস্থ শেখ রাসেল স্টেডিয়াম-এ প্রথম জানাজা এবং বাদ আছর মরহুমের গ্রামের বাড়ী বারবাকিয়ার নাজিরমোরা জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.