নিজস্ব প্রতিনিধি :
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে শাহাজাহান (৪০) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুর ২টার দিকে সৈকতের লাবণী পয়েন্টে এ ঘটনা ঘটে।
নিহত পর্যটক শাহাজাহান চট্টগ্রামের পাঁচলাইশ থানার শুলকবহর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন টুরিস্ট পুলিশ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিন।
স্বজনদের বরাতে মোল্লা মোহাম্মদ শাহিন বলেন, সকালে সৈকতের লাবনী পয়েন্ট পরিবারের সদস্যদের সঙ্গে শাহাজাহান গোসল করতে নামেন। তিনি সাগরের হাঁটু পরিমাণের কম পানিতে গোসল করছিলেন। এক পর্যায়ে তিনি স্রোতে ভেসে যা়ন। কিছুক্ষণ পর স্বজন ও স্থানীয় লাইফ গার্ড কর্মীরা অনেক খোঁজাখুঁজির পর পানিতে ভাসমান অবস্থায় তাকে পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক শাহাজাহানকে মৃত ঘোষণা করেন। মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.