কক্সবাজারের চকরিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের গোলাগুলিতে হেলাল উদ্দিন শিপু (৩০) নামের এক যুবক নিহত ও নারীসহ দুইপক্ষের ৭জন আহত হয়েছেন। বুধবার ভোররাতে উপজেলার বদরখালী ইউনিয়নের কুতুবদিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হেলাল উদ্দিন শিপু ওই এলাকার মৃত আবু তাহের প্রকাশ লেদু মাঝির ছেলে। আহতদের ভোর রাতে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর চিকিৎসা চলাকালে গ্রেপ্তার এড়াতে পালিয়ে যায়। পালিয়ে যাওয়া আহতরা হলেন- ছকিনা বেগম (৫৫), রওশন আরা বেগম (৬০), আনোয়ারা বেগম (৩৫), সুজন (১৭), রুবেল (২০), লিটন (১৮), নুর ইসলাম (৩০)।
এদিন ভোর রাত ১টা থেকে ৩টা পর্যন্ত দুই ঘন্টা ব্যাপী দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, পরস্পরকে ধারালো অস্ত্রের আঘাত ও গোলাগুলির ঘটনা ঘটে বলে জানা গেছে।
জানা যায়, দীর্ঘদিন ধরে জমি দখল-বেদখল নিয়ে হোছাইন আহমদ-ইকবাল বদরী গ্রুপের সাথে একই এলাকার আলী আহমদ-বাবুল গ্রুপের সাথে বিরোধ চলে আসছে। বুধবার রাতে হোছাইন আহমদ ও ইকবাল বদরী গ্রুপ তাদের বেদখলকৃত জমি দখল করতে গেলে অপর পক্ষ তাতে বাধাঁ দেয়। এতে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এসময় হেলাল উদ্দিন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জমির বিরোধ নিয়ে এ ঘটনা ঘটেছে।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের ধরতে অভিযান চলছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.