সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / চকরিয়ায় জমির বিরোধ নিয়ে হামলায় নারীসহ আহত তিন

চকরিয়ায় জমির বিরোধ নিয়ে হামলায় নারীসহ আহত তিন


মুকুল কান্তি দাশ; চকরিয়া :
চকরিয়ায় বসতভিটার সীমানা ও চলাচল পথের বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে একই পরিবারের তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। শুক্রবার বেলা ১১ টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের পূর্ব কাকারা বেপারি পাড়া এলাকায় ঘটেছে এ হামলার ঘটনা। এঘটনায় নারীসহ তিনজন আহত হয়েছেন।

ঘটনায় আহতরা হলেন-ওই এলাকার মৃত আবুল খাইর ছেলে মোহাম্মদ কাসেম (৬২) তার ছেলে আবদুস ছবুর (২৭), বড়ছেলের স্ত্রী মুর্শিদা বেগম (২৫)। ঘটনার পর আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের পরিবার ও স্থানীয় লোকজন জানান, শুক্রবার বেলা ১১টার দিকে বেপারী পাড়া এলাকায় মো: কাসেমের বসতভিটার সীমানা প্রাচীর ও চলাচল পথের মাঝখানে খুঁটি স্থাপন করছিলেন প্রতিবেশি মোজাম্মেল হকরা। ওইসময় দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে মোজাম্মেল ও তাঁর ছেলে মামুনসহ ৭-৮জনের লাঠিয়াল দল ধারালো অস্ত্র দা, লোহার রড ও লাঠিসোটা নিয়ে কাসেমের পরিবারের উপর হামলা চালায়। এতে ধারালো অস্ত্রের আঘাতে ও পিটুনিতে কাসেমের পরিবারের নারীসহ তিনজন গুরুতর আহত হন।
মো.কাসেমের ছেলে আহত আবদুস ছবুর জানান, বসতভিটার সীমানা প্রাচীর ও চলাচল পথের বিরোধের জেরে আমাদের উপর হামলা চালায়। এ ঘটনায় থানায় হামলাকারীদের বিরুদ্ধে এজাহার দেয়ার প্রক্রিয়া চলছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, হামলার ঘটনার ব্যাপারে এখনো পর্যন্ত থানায় কোন অভিযোগ দেয়া হয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.