
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা পাগলিরবিল এলাকায় পর্যটকবাহী মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ জিম বাবু (১৫) নামের এক শিশু নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন শিশুসহ ৭ পর্যটক। বুধবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রীষ্ট্রান হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শিশু জিম বাবু টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ডোবাইল এলাকার ইমরান হোসেনের ছেলে।
আহতরা হলেন, আমজাদ হোসেন (৫০), রবি শীল (১২), মোহাম্মদ শিপন (৩৬), আমজাদ হোসেন (৩৫), শরিফ উদ্দিন (২৫), নাসির উদ্দিন (৩০) কামাল হোসেন (২৮)। আহতরা সবাই টাইঙ্গাইলের গোপালপুর উপজেলার ডোবাইল এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, টাঙ্গাইল থেকে মাইক্রোবাসযোগে ১০পর্যটক কক্সবাজারে বেড়াতে আসে গত সোমবার। বুধবার ভোরে তারা কক্সবাজার থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওয়ানা দেয়। তাদের বহনকারী মাইক্রোবাসটি চকরিয়ার ডুলাহাজারা পাগলিরবিল এলাকায় পৌছলে সকাল ৬টার দিকে একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গিয়ে বিপরীতমুখি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি সড়কের পাশ্ববর্তী খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে মারা যায় মোহাম্মদ জিম বাবু। এসময় আহত হয় মাইক্রোবাসে থাকা আরো ৭ পর্যটক।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আশিকুর রহমান জানান, নিহত শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.