সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / চকরিয়ায় ফুটবল খেলা নিয়ে পুলিশের উপর হামলা

চকরিয়ায় ফুটবল খেলা নিয়ে পুলিশের উপর হামলা

ইন্সপেক্টরসহ তিন পুলিশ আহত, ছিনতাই হওয়া পুলিশের শর্টগান উদ্ধার : গ্রেপ্তার ১

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়ায় সন্ত্রাসীরা হামলা করে পুলিশের কাছ থেকে একটি শর্টগান ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। এসময় হামলায় ৩ পুলিশ সদস্য আহত হয়। ঘটনার সাথে জড়িত অভিযোগে শফিউল আলমকে গ্রেফতার করেছে পুলিশ। পরে উদ্ধার হয় ছিনতাই হওয়া অস্ত্র।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় চকরিয়া উপজেলার বি.এম.চর ইউনিয়নের বহদ্দারকাটা মাতামহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে ঘটেছে এ ঘটনা।

মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক সমীর সরকার জানান, এদিন সকালে চকরিয়া উপজেলার বহদ্দারকাটা এলাকায় মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের সামনের মাঠে আমানচর একাদশ ও বহদ্দারকাটা একাদশের সাথে একটি ফুটবল ম্যাচ অনুষ্টিত হয়। ওই ফুটবল ম্যাচ চলাকালীন সময়ে গোল দেয়াকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বি ফুটবল দলের মধ্যে হট্টগোল লেগে যায়।

এসময় পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা হট্টগোল থামাতে যায়। এক পর্যায়ে ওই এলাকার ১৮/২০জন উশৃঙ্খল লোক পুলিশের উপর হামলা করে পুলিশের কাছ থেকে একটি শর্টগান ছিনতাই করে নিয়ে যায়। ঘটনার সময় পুলিশ ৫ রাউন্ড গুলিবর্ষণ করে। এসময় হামলাকারীরা ৩ রাউন্ড গুলি করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। হামলায় পুলিশ পরিদর্শক সমীর সরকার, এস.আই মোঃ ইউনুচ ও কনস্টেবল উক্যওয়ং আহত হয়েছে। পরে চকরিয়া থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ঘন্টা পর ছিনতাই হয়ে যাওয়া শর্টগানটি উদ্ধার করে। এ সময় পুলিশ ঘটনার সাথে জড়িত বি.এম.চর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নূর হোসেনের ছেলে শফিউল আলম (৩০) কে গ্রেফতার করে।

মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক সমীর সরকার আরো জানান, ঘটনার সাথে জড়িত অভিযোগে মতিউর রহমান, শাহাব উদ্দিন, গিয়াস উদ্দিন ও মোঃ ইব্রাহিমকে গ্রেফতার করতে অভিযান চলছে। হামলায় ১৮/২০জন লোক অংশ নেয়।

চকরিয়া থানার ওসি (তদন্ত) কামরুল আজম জানান, এ ঘটনায় ছিনতাই হয়ে যাওয়া অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.