
গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
দীর্ঘ ৭ বছর আগে সাগরে বিলীন হয়ে যাওয়া টেকনাফ-শাহপরদ্বীপের প্রধান সড়কটি দ্রুত সংস্কার করার দাবী নিয়ে বিশাল এক মানববন্ধনে মিলিত হয়েছে শাহপরদ্বীপের শত শত আমজনতা।
২৩ জুলাই মঙ্গলবার সকাল ১০ টার দিকে শাহপরদ্বীপ উত্তর পাড়ার ভাঙা এলাকায় এই মানববন্ধনটি অনুষ্টিত হয়।
উক্ত মানব বন্ধনে শাহপরদ্বীপের সাধারণ মানুষের পাশাপাশি স্কুল, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেনী পেষার মানুষরাও এই মানববন্ধনে অংশ গ্রহন করেন। মানববন্ধনে উপস্থিত সকলের একটাই দাবী টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়কের হারিয়াখালী থেকে উত্তর পাড়া পর্যন্ত ৫.১৫ কিলোমিটার বিচ্ছিন্ন সড়ক সংস্কারে একনেকে অনুমোদিত প্রায় ৬৭ কোটি টাকার প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন করতে হবে।
মানববন্ধনে উপস্থিত শাহপরীরদ্বীপের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহেদ হোসেন বলেন, টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়কের হারিয়াখালী থেকে উত্তর পাড়া পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়ক বিগত ৭ বছর ধরে বিচ্ছিন্ন রয়েছে।
২০১২ সালে পশ্চিমের বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানি ঢুকে সড়কটি বিলীন হয়ে গিয়েছিল। এখন বেড়িবাঁধ নির্মাণ কাজ প্রায় শেষ পথে, জোয়ারের পানিও ঢুকেনা তবু সড়কটি দ্রুত সংস্কারে কোন উদ্যোগ নেই। তাই আমরা মানববন্ধনের মাধ্যমে দাবি জানাচ্ছি, শাহপরীরদ্বীপের বাসিন্দাদের যাতায়াতের একমাত্র মাধ্যম সড়কের ভাঙা অংশটি দ্রুত সংস্কারের জন্য।
এসময় মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী বলেন, শাহপরীরদ্বীপের ৪০ হাজার মানুষের যাতায়াতের একমাত্র পথ টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়ক। কিন্তু এ সড়কের হারিয়াখালী থেকে শাহপরীর দ্বীপ পর্যন্ত ৫ কিলোমিটার পথ বিলীন হয়ে যাওয়ায় যাতায়াতে ভোগান্তির শেষ নেই। বিশেষ করে সারা বছর রোগী, বৃদ্ধ ও নারীদের যাতায়াতে কষ্ট লেগে থাকে। ভাঙা সড়ক দিয়ে সাধারণত পুরুষেরা কষ্ট হলেও যাতায়াত করেন। কিন্তু নারী, কলেজ ছাত্রী, বৃদ্ধ ও গর্ভবতী মায়েদের চিকিৎসা সেবা পেতে এ সড়ক দিয়ে উপজেলা সদরে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে।এরপর এই দ্বীপে বসবাসরত জনগণের ভোগান্তির কথা চিন্তা করে ৭ বছরের দূর্ভোগের অবসানে গত বছরে একনেক অনুমোদিত এই সড়কটি পূর্ণ সংস্কার করার জন্য প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন করা খুবেই জরুরী।
উল্লেখ্যঃ-শাহপরীর দ্বীপ থেকে টেকনাফ শহরে যাতায়তের একমাত্র পথ টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়ক। বিগত ২০১২ সালের জুন মাসে প্রবল সাগরের জোয়ারে আঘাতে বেড়িবাঁধটি বিলীন হয়ে যায়। অরক্ষিত বাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে সড়কের হারিয়াখালী থেকে শাহপরীর দ্বীপ পর্যন্ত ৫.১৫ কিলোমিটার অংশ বিলীন হয়ে যায়। দীর্ঘ ৭ বছর ধরে সড়কের ওই অংশে নৌকা নিয়ে কষ্টে যাতায়াত করে আসছিল।
(সওজ) সূত্র জানায়, টেকনাফ শাহপরীর দ্বীপ সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের জন্য গত ২০১৮ সালে ৬৭ কোটি টাকার একটি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)’র সভায় অনুমোদন দেয়া হয়।
কিন্তু নানা জটিলতায় কারনে এই প্রকল্প অনুমোদন পাওয়ার জন্য দীর্ঘ এক বছর পার হয়ে গেছে! এতে এই সড়কটি উন্নয়ন কাজের বাস্তবায়নের প্রক্রিয়াটি এখনো থমকে রয়েছে।
এ প্রসঙ্গে কক্সবাজার সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, টেকনাফের সাবরাং হারিয়াখালী থেকে শাহপরীর দ্বীপ পর্যন্ত ৫.১৫ কিলোমিটার সড়কের সংস্কারের জন্য ৬৭ কোটি টাকার একটি প্রকল্প গতবছর একনেকে অনুমোদন পেয়েছিল। প্রকল্পটির দরপত্র একদফা বাতিল হয়েছে, দ্বিতীয় দফায় একটি প্রতিষ্ঠান দরপত্র জমা দিয়েছেন। দরপত্রটি সুপারিশ কমিটির কাছে পাঠানো হয়েছে। সুপারিশ কমিটি অনুমোদন দিলে কাজটি দ্রুত শুরু করা যাবে বলে জানান তিনি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.