সাম্প্রতিক....
Home / জাতীয় / নির্বাচনকালীন সরকারের রূপরেখা ঘোষণা যথাসময়েই: ফখরুল

নির্বাচনকালীন সরকারের রূপরেখা ঘোষণা যথাসময়েই: ফখরুল

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে বিএনপি যথাসময়েই নির্বাচনকালীন সরকারের রূপরেখা ঘোষণা করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

২০ জানুয়ারি শ‌নিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা নির্বাচনকালীন সরকারের রূপরেখা দেব। আমরা মনে করি, প্রত্যেকটি বিষয়েরই একটি সময় আছে। সেই সঠিক সময়ে অর্থাৎ যথাসময়েই নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা জাতির কাছে আমরা তুলে ধরব।’

বিএনপি কেন নির্বাচনকালীন সরকার চায়, তা ব্যাখ্যা করে মির্জা ফখরুল বলেন, ‘প্রতিদিন নতুন নতুন মামলা দেওয়া হচ্ছে দলীয় নেতাকর্মীদের নামে। দেশের সবচেয়ে প্রিয় নেত্রীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।’

‘গতকালও আমাদের স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইয়াসীন আলীকে গ্রেফতার করা হয়েছে। সারা দেশে প্রতিদিনই গ্রেফতার চলছে। আর তারা (সরকার) নির্বাচনের কথা বলছে। এ রকম পরিবেশ থাকলে সেখানে সুষ্ঠু নির্বাচন কীভাবে হবে’, যোগ করেন বিএনপির এই নেতা।

তিনি আরও বলেন, ‘আমরা বার বার বলেছি- নির্বাচনকালীন সময়ে আমরা একটি নিরপেক্ষ সরকার চাই। আমরা আওয়ামী লীগের সরকার চাই না, শেখ হাসিনার সরকার চাই না। আমাদের রাজনৈতিক দীর্ঘপথের অভিজ্ঞতা বলছে, তাদের অধীনে কোনোদিন নির্বাচন সুষ্ঠু হতে পারে না। কারণ সব কিছুই গায়ের জোরে নিয়ে যেতে চান তারা।’

তবে এই গায়ের জোরে নেওয়া প্রতিহত করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

আগামী নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপির নির্বাচনী অবস্থান অত্যন্ত স্পষ্ট। আমরা বলেছি যে- আমরা একটা সমান্তরাল ক্ষেত্র চাই, নিরপেক্ষ সরকার চাই; যেন আমরা নির্বাচনে অংশ নিতে একটা উপযুক্ত পরিবেশ পাই।’

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দলের চিকিৎসক সংগঠন ‘ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব’-এর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ড্যাবের মহাসচিব অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক সিরাজউদ্দিন আহমেদ, আতাউর রহমান ঢালীসহ ড্যাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।       সূত্র:priyo.com;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.