
এবার সর্বস্তরে অপেক্ষাকৃত তরুণ নেতাদের প্রাধান্য দিয়ে কমিটি করা হচ্ছে বিএনপিতে। আন্দোলন ও নির্বাচনের বিষয়টি মাথায় রেখেই দলীয় হাইকমান্ড এ কৌশল নিয়েছে বলে দলীয় সূত্রের বরাতে সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুরোদমে দল গোছানোর কাজ এগিয়ে নিচ্ছে বিএনপি। আগামী ডিসেম্বরের মধ্যেই কমিটি গঠনের কাজ শেষ করতে একটি কর্মপরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। আর এ কর্মপরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে দলের বেশ ক’জন কেন্দ্রীয় নেতা।
সূত্রমতে, ২০১৩ ও ২০১৫ সালে বড় ধরনের আন্দোলন কর্মসূচী দিয়ে ব্যর্থ হওয়া এবং দীর্ঘদিন ক্ষমতা থেকে দূরে থাকার বিষয়টি মাথায় রেখে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দল গোছানোর কাজ চালিয়ে যাচ্ছে বিএনপি।
বিগত দিনের আন্দোলনে ব্যর্থতাকে আমলে নিয়ে অপেক্ষাকৃত বয়স্ক নেতাদের পরিবর্তে তরুণ নেতাদের প্রাধান্য দিয়ে করা হচ্ছে সর্বস্তরের কমিটি। বিশেষ করে ’৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় অংশ নিয়েছেন এমন নেতাদের গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে। আর এসব তরুণ নেতা দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের অত্যন্ত বিশ্বস্ত বলে জানা গেছে।
বিএনপি কার্যালয় সূত্র জানায়, এখন পর্যন্ত তৃণমূল পর্যায়ে যেসব ইউনিটের কমিটি হয়নি সেগুলোর দ্রুত কমিটি পুনর্গঠন করতে বলা হয়েছে। আর এ কাজের তদারকির জন্য ৭৫টি সাংগঠনিক জেলার জন্য কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে ৫১টি টিম গঠন করা হয়েছে। এসব টিম শীঘ্রই সারাদেশের সকল জেলা-উপজেলা সফর করে অপেক্ষাকৃত তরুণ নেতাদের প্রাধান্য দিয়ে কমিটি পুনর্গঠন কাজ তদারকি করবে।
তৃণমূলপর্যায়ে দল গোছানোর দায়িত্বে নিয়োজিত বিএনপির ৫১টি সাংগঠনিক টিম ৭ মে পর্যন্ত মাঠপর্যায়ে অবস্থান করে তরুণ নেতাদের প্রাধান্য দিয়ে কমিটি পুনর্গঠনের কাজ চালিয়ে নেবে। তবে প্রয়োজন হলে কেন্দ্র থেকে আরও সময় বাড়িয়ে দেয়া হবে। তবে নির্ধারিত সময়ে তারা দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার কাছে সাংগঠনিক রিপোর্ট পেশ করবে। মূল দলের পাশাপাশি অঙ্গসংগঠনগুলোর কমিটিও পুনর্গঠন করবেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। তারা দল গোছানোর কাজ করার পাশাপাশি আগামী নির্বাচনের জন্য সম্ভাব্য প্রার্থীদেরও খোঁজখবর নেবেন।
সূত্র:priyo.com,ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.