
মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :
মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত চট্টগ্রাম, বান্দরবান ও লামায় কুচকাওয়াজ, ডিসপ্লে ও ব্যান্ডবাদনে মনোমুগ্ধকর ও নৈপুণ্যময় পরিবেশনা প্রদর্শন করে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ-এর শিক্ষার্থীরা। বরাবরের মতো এবারও তারা চট্টগ্রাম, বান্দরবান জেলা ও লামা উপজেলায় কুচকাওয়াজ ও ডিসপ্লেতে প্রথম স্থান এবং ব্যান্ডবাদনে বিশেষ সম্মাননা স্মারক পুরস্কার অর্জন করে।

চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে আয়োজিত বিভাগীয় কুচকাওয়াজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কোয়ান্টাম কসমো স্কুলের ৩১ জন ছাত্রী। তারা প্যারেডে বিশেষ পারদর্শিতা পুরস্কার অর্জন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়া উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিএমপি) হুমায়ূন কবির, ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ আহসান হাবিব পলাশ এবং পুলিশ সুপার চট্টগ্রাম মোহাম্মদ নাজির আহমেদ খান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।
বান্দরবান জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজিত কুচকাওয়াজ প্রতিযোগিতায় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের প্যারেড বড় দল (৩৫ জন) ও প্যারেড ছোট দল (৩৫ জন) প্রতিবারের মতো এবারও প্রথম স্থান অর্জন করে। পাশাপাশি দৃষ্টিনন্দন ডিসপ্লে (১৩০ জন) প্রদর্শনেও প্রথম স্থান এবং চমকপ্রদ ব্যান্ডবাদনে (২২ জন) বিশেষ সম্মাননা স্মারক অর্জন করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রিনি এবং পুলিশ সুপার মোঃ আব্দুর রহমানসহ জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

লামা উপজেলার লামা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত কুচকাওয়াজ প্রতিযোগিতায় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের প্যারেড বড় দল (৩৫ জন) ও প্যারেড ছোট দল (৩৫ জন) প্রাথমিক ও মাধ্যমিক- উভয় ক্যাটাগরিতে ধারাবাহিকভাবে প্রথম স্থান অর্জন করে। একই সঙ্গে দৃষ্টিনন্দন ডিসপ্লে প্রদর্শনেও প্রথম স্থান এবং চমকপ্রদ ব্যান্ডবাদনে (২২ জন) বিশেষ সম্মাননা স্মারক লাভ করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন এবং লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাজাহান কামাল।
কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ থেকে এবার তিনটি কুচকাওয়াজ, দুটি ডিসপ্লে ও দুটি ব্যান্ডবাদনে সর্বমোট ৪৭৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
উল্লেখ্য, চট্টগ্রাম বিভাগ, বান্দরবান জেলা ও লামা উপজেলা পর্যায়ে আয়োজিত এসব অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে দেশপ্রেম ও শৃঙ্খলার এক অনন্য প্রতিচ্ছবি ফুটে ওঠে। কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনীতে কোয়ান্টাম শিক্ষার্থীরা নিখুঁত সমন্বয়, সুশৃঙ্খল পদচারণা এবং মনোমুগ্ধকর ব্যান্ডবাদনের মাধ্যমে বিজ্ঞ বিচারকদের দৃষ্টি আকর্ষণ করে। বিশেষ করে দেশাত্মবোধক গানের সুরের সঙ্গে ব্যতিক্রমী ব্যান্ডবাদন ও শারীরিক অঙ্গভঙ্গির নান্দনিক উপস্থাপনা হাজারো দর্শকের মনে আনন্দ ও উচ্ছ্বাসের অনুরণন সৃষ্টি করে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.