
অনলাইন ডেস্ক :
পশ্চিম আফ্রিকার দেশ মালিতে এক সন্ত্রাসী হামলায় ৪২ সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন। তেসিত শহরের কাছে গত রোববার হামলার এ ঘটনা ঘটে বলে গতকাল বুধবার জানিয়েছে দেশটির সরকার। খবর আরব নিউজের।
প্রতিবেদনে বলা হয়, এ সন্ত্রাসী হামলার জন্য ইসলামিক স্টেটের (আইএস) অনুগত একটি সংগঠনকে দায়ী করছে মালির সরকার। সাম্প্রতিক বছরগুলোয় এটি মালির সেনাবাহিনীর ওপর অন্যতম প্রাণঘাতী হামলা। জঙ্গিগোষ্ঠীগুলোর এক দশকের বিদ্রোহের বিরুদ্ধে লড়াই করে আসছে দেশটির সেনাবাহিনী। পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলজুড়ে এ জঙ্গি তৎপরতা বিস্তৃত। দেশটিতে গত এক দশকের সহিংসতায় শত শত সেনা প্রাণ হারিয়েছেন।
খবরে আরও বলা হয়, সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর একটি জটিল ও সমন্বিত হামলার জোরালো জবাব দিয়েছে মালি সেনাবাহিনীর তেসিত ইউনিটগুলো। ইসলামিক স্টেট গ্রেটার সাহারা (আইএসজিএস) এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। হামলায় ড্রোন, বিস্ফোরক, গাড়িবোমা ও গোলা ব্যবহার করা হয়েছে।
উল্লেখ্য, গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে ২০২০ সাল থেকে মালি শাসন করছে সামরিক সরকার। সহিংসতার লাগাম টানতে না পারার ব্যর্থতার হতাশাও সামরিক বাহিনীর ক্ষমতা দখলের একটি কারণ ছিল। কিন্তু এরপরও সচরাচর হামলার ঘটনা ঘটেই চলেছে। জুলাইয়ের শেষ দিকে মালির মূল সামরিক ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছিল আল-কায়েদার অনুগত একটি সন্ত্রাসী গোষ্ঠী। ২০১৯ সালের শেষে ও ২০২০ সালের প্রথম দিকে জঙ্গিদের হামলায় মালির সেনাবাহিনীতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.