সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / সংগীতশিল্পী শাম্মী আখতার আর নেই

সংগীতশিল্পী শাম্মী আখতার আর নেই

 

শাম্মী আখতার। ছবি: সংগৃহীত।

খ্যাতিমান সংগীতশিল্পী শাম্মী আখতার আর নেই। আজ (১৬ জনুয়ারি) বিকাল ৪ টা ২০ মিনিটে হাসপাতালে যাওয়ার রাস্তায় মৃত্যুবরণ করেন গুণী এই শিল্পী। মঙ্গলবার বিকালে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে বাসা থেকে হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু পথেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬২ বছর। দীর্ঘ ছয় বছর ধরে তিনি স্তন ক্যান্সারে ভুগছিলেন। সম্প্রতি প্রধানমন্ত্রীর তহবিল থেকে চিকিৎসার জন্য শাম্মী আখতারকে পাঁচ লাখ টাকাও প্রদান করা হয়েছিল। আগামীকাল বুধবার জোহরের নামাজের পর শান্তিনগর আমিনবাগ জামে মসজিদে শাম্মী আক্তারের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে  দাফন করা হবে শাহজাহানপুর কবরস্থানে।

শাম্মী আক্তার ১৯৫৭ সালের ২২ সেপ্টেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন। তার আসল নাম শামীমা আখতার। আদর করে সবাই তাকে শাম্মী বলেই ডাকতেন। সেই থেকে শামীমা, শাম্মী নাম নিয়ে সংগীতাঙ্গনের এত দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন। মাত্র ছয় বছর বয়সে তার সংগীতজীবনের শুরু হয়। বাবা শামসুল করিম সরকারি চাকরি করতেন। বাবার বদলির কারণে দেশের কয়েকটি জেলায় বিভিন্ন শিক্ষকের কাছে সংগীতের তালিম নেওয়ার সুযোগ পান তিনি। ১৯৭৭ সালের ২২ ফ্রেব্রুয়ারি সংগীতশিল্পী আকরামুল ইসলামের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন শাম্মী। তাদের দুই সন্তান কমল ও সাজিয়া। দুই নাতি আর্শ ও আরিব।

এই শিল্পীর গানে হাতে খড়ি বরিশালের ওস্তাদ গৌর এর কাছে। ১৯৭০ সালের দিকে জীবনের প্রথম বেতারের গানে কণ্ঠ দেন তিনি। গানটি ছিল নজরুলের ‘এ কি অপরূপ রূপে মা তোমায়…’। ১৯৭০ সালে তিনি খুলনা বেতারে তালিকাভুক্ত হন। ১৯৭৫ সালে ঢাকায় এসে গান গাওয়ার আমন্ত্রণ পান। খুলনা থেকে ঢাকায় চলে আসেন শাম্মী আখতার। নিয়মিত গাইতে শুরু করেন বেতার ও টেলিভিশনে। চলচ্চিত্রের গানে তার যাত্রা শুরু আজিজুর রহমান পরিচালিত ‘অশিক্ষিত’ চলচ্চিত্রে গান গাওয়ার মধ্য দিয়ে। এ চলচ্চিত্রে গাজী মাজহারুল আনোয়ারের লেখা ‘আমি যেমন আছি তেমন রব বউ হবো না রে’ এবং ‘ঢাকা শহর আইসা আমার আশা পুরাইছে’ গান দুটি জনপ্রিয়তা পায়।

সত্য সাহার সুর-সংগীতে এ দুই গানের জনপ্রিয়তার কারণে আর পেছন ফিরে তাকাতে হয়নি শাম্মী আখতারকে। চলচ্চিত্রে তিনি প্রায় ৩০০ গান গেয়েছেন। ‘ঢাকা শহর আইসা আমার’, ‘আমি তোমার বধূ’, ‘মনে বড় আশা ছিল’, ‘আমি যেমন আছি’, ‘বাংলার মাটি’, ‘বিদেশ গিয়ে’, ‘সইতে পারি না’, ‘ঝিলমিল’, ‘আমার মনের বেদনা’, ‘ফুলে ফুলে বাসা’, ‘আমার নায়ে পার হইতে লাগে ষোলো আনা’, ‘এই রাত বলে’সহ অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী শাম্মী আক্তার। জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ চলচ্চিত্রে ‘ভালোবাসলেই সবার সঙ্গে ঘর বাঁধা যায় না’ গানটি গাওয়ার জন্য ২০১০ সালে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেয়া হয়। সূত্র:সিফাত বিনতে ওয়াহিদ-priyo.com;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.