
বাদামি ডিম নাকি সাদা ডিম, কোনটি ভালো? আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে হয়তো আপনি উত্তরে বলবেন, বাদামি রঙের ডিমটাই ভালো। যেহেতু আপনি অনেক আগে থেকেই জেনে আসছেন বাদামি রুটি, বাদামি গমের পাস্তা,বাদামি চিনি এগুলো সাদা রুটি, সাদা পাস্তা ও সাদা চিনির তুলনায় বেশি স্বাস্থ্যকর। কিন্তু আসলেই কি বাদামি ডিম ভালো?
প্রশ্নটা হলো আপনি কোন ডিম খাবেন এবং কেন খাবেন? এ প্রশ্নের জবাব একাই দিয়ে দিয়েছেন ট্রো ভি ভুই কর্নেল ইউনিভার্সিটির প্রাণিবিজ্ঞানের ভিজিটিং ফ্যালো। ট্রোয়ের মতে, বাদামি ডিম এবং সাদা ডিমের পুষ্টিগত তেমন পার্থক্য নেই। বাদামি ডিমে ওমেগা-৩ ফ্যাটি এসিড একটু বেশি রয়েছে। তবে সেই একটু বেশির পরিমাণ এতই নগণ্য যে সেটা না ধরলেই চলে। ফলে আপনি নির্দ্বিধায় বলতে পারেন সাদা আর বাদামি ডিম দুটোই সমান পুষ্টিগুণ ধারণ করে।
ডিমের রং দুটো আলাদা হয় কেন? রং আলাদা হওয়ার কারণ লুকিয়ে রয়েছে মুরগির জিনে। সাদা ডিমগুলো আসে সাদা পালকের মুরগি থেকে যাদের রং সাধারণত সাদা বা হালকা। আর বাদামি ডিম পাড়ে বাদামি পালকের মুরগি। মুরগির জিনগত পার্থক্যের কারণেই ডিমগুলোর রং পাল্টে যায়।
তবে ভিন্ন গবেষণাও হয়েছে এই দুই ডিমের পুষ্টিগুণ নিয়ে। ভিন্ন গবেষণা মানে ভিন্ন মত। সেই গবেষণা থেকে জানা যায়, বাদামি ডিম বেশি স্বাস্থ্যকর সাদার তুলনায়। কারণ কোলেস্টেরল বা ক্যালোরির ক্ষেত্রে বাদামি ডিমই ভালো। এটি নির্ভর করে মুরগির খাদ্যাভ্যাসের ওপর। মুরগি নিজে খাবার খেতে পারে বা খামারে মুরগির চাহিদা অনুযায়ী বিভিন্ন খাবার খাওয়ানো হয়। এতে স্বাদে ভিন্নতা আসে ডিমেও। বিশেষজ্ঞরা মনে করেন, যদি সাদা এবং বাদামি মুরগিকে একই রকম খাবার খাওয়ানো হয় তাহলে এর স্বাদের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাওয়া যাবে না এবং গুণগত মানেও তেমন কোনো পার্থক্য আসবে না।
বাদামি ডিমকে মনে করা হয় কৃত্রিমতাবর্জিত। মানে প্রকৃতির মাঝে বেড়ে ওঠা মুরগির ডিম বাদামি রঙের হয়, এমনটাই বিশ্বাস অনেকের। কিন্তু ভুলে যাবেন না খামারে যত্ন করে মুরগিকে খাওয়ালে সেটা আর ‘অর্গানিক’ থাকে না। খামারে মুরগির তথা ডিমের সুস্বাস্থ্যের জন্য নানা রাসায়নিক জিনিস মিশ্রিত করে খাওয়ানো হয়। ফলে প্রকৃতিতে পোকামাকড় খাওয়া মুরগির ডিম আর খামারে বেড়ে ওঠা মুরগির ডিম আলাদা হবেই। ডিমের রঙে কিছু এসে যায় না। বিষয়টি হলো মুরগি বেড়ে উঠছে কীভাবে।
সূত্র:bdmorning.com,ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.