
সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু আর নেই। কিংবদন্তী সংগীতশিল্পী এবং ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর মৃত্যুতে শোক জানিয়েছন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরআগে আজ বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর স্কয়ার হসপিটালে আইয়ুব বাচ্চু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।
আইয়ুব বাচ্চুর স্বজনরা জানান, সকালে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হলে তাকে স্কয়ার হসপিটালে নিয়ে আসা হয়। পরে সকাল দশটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রাম শহরে জন্মগ্রহণ করেন এ গুণী শিল্পী। সংগীত জীবনের দীর্ঘ চার দশকে অসংখ্য হৃদয় ছুঁয়ে যাওয়া গান তিনি উপহার দিয়েছেন শ্রোতাদের।
আইয়ুব বাচ্চু একাধারে গায়ক, লিডগিটারিস্ট, গীতিকার, সুরকার এবং প্লেব্যাক শিল্পী। এল আর বি ব্যান্ড দলের লিড গিটারিস্ট এবং ভোকাল বাচ্চু বাংলাদেশের ব্যান্ড জগতের সবচেয়ে জনপ্রিয় ও সম্মানিত ব্যক্তিত্বদের একজন। ১৯৭৮ সালে সঙ্গীতজগতে তাঁর যাত্রা শুরু হয় ফিলিংসের মাধ্যমে। অত্যন্ত গুণী এই শিল্পী তাঁর শ্রোতা-ভক্তদের কাছে এবি (AB) নামেও পরিচিত। তাঁর ডাক নাম রবিন। তাঁর কন্ঠ দেয়া প্রথম গান ‘হারানো বিকেলের গল্প’। গানটির কথা লিখেছিলেন শহীদ মাহমুদ জঙ্গী। ১৯৮০ থেকে ১৯৯০ সালে তিনি সোলস ব্যান্ডের সাথে যুক্ত ছিলেন। ১৯৮৬ সালে প্রকাশিত রক্তগোলাপ আইয়ুব বাচ্চুর প্রথম প্রকাশিত একক অ্যালবাম। ১৯৯১ সালে জন্ম নেওয়া ‘এলআরবি’ ব্যান্ড দলের লিড গিটারিস্ট ও ভোকাল ছিলেন তিনি।
কিংবদন্তী সংগীতশিল্পী এবং ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর জানাজা আগামীকাল শুক্রবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার স্কয়ার হাসপাতালে শিল্পীর ভাই গণমাধ্যমকে জানিয়েছেন, রাজধানীর জাতীয় ঈদগাহ সংলগ্ন হাইকোর্ট মাঠে জুমার নামাজের পর আইয়ুব বাচ্চুর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার মেয়ে এবং জামাই আসলে তাকে চট্টগ্রামে নেয়া হবে। শনিবার চট্টগ্রামে জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
সূত্র:somoynews.tv;ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.