
শিক্ষক হারুনর রশিদ
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
পবিত্র ঈদের দিনে কক্সবাজারের উপজেলা ঈদগাঁওর শিক্ষক, ক্রীড়াব্যক্তিত্ব ও সুপরিচিত হারুনর রশিদ না ফেরার দেশে চলে গেলেন।
ঈদের সালাত আদায়, ঈদ শুভেচ্ছা বিনিময়সহ ঈদ আনন্দ উদযাপনের ছবি মৃত্যুর দুই ঘন্টা পূর্বে ফেইসবুকে পোস্টও করেন।
৩ এপ্রিল (ঈদের দিন) দুপুর ১২টার দিকে মৃত্যুবরণ করেন তিনি। ঈদগাঁও মেহেরঘোনা গ্রামের বাসিন্দা ও রামুর রশিদনগর নাদেরুজ্জমান উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ হারুনর রশিদ যথারীতি আড়ম্বরপূর্ণ পরিবেশে পরিবারের সদস্যসহ বন্ধুবান্ধব ও প্রতিবেশীদের সঙ্গে আনন্দঘন পরিবেশে স্থানীয় মসজিদে ঈদের সালাত আদায় করেন। পরবর্তীতে ঈদের আনন্দ ভাগাভাগি করতে মসজিদের সামনে দাড়িয়ে সহপাঠীদের সাথে ক্যামেরায় ছবিও নেন এবং তা পরবর্তীতে নিজ ফেসবুক আইডিতে আপলোড দিয়ে ঈদের শুভেচ্ছাও বিনিময় করেন।
নামাজ শেষে তাঁর প্রতিবেশী ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের শিক্ষক সুলতান আহমদের বাসায় গিয়ে শুভেচ্ছাও বিনিময় করেন। আপ্যায়ন শেষে নিজ বাড়িতে পৌঁছে হঠাৎ অসুস্থতা অনুভব করলে প্রথমে ঈদগাঁওর এক হাসপাতালে নিয়ে আসা হয়, পরবর্তীতে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন। তারপরও নিশ্চিত হতে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাঁর আকস্মিক মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাজানি হয়। তার মৃত্যুর খবরে এলাকার শিক্ষক, শিক্ষার্থী ও ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
তাঁর মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশসহ পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন কক্সবাজার সদর উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী রাজিবুল হক চৌধুরী রিকো, ঈদগাঁও ঐক্য পরিবারের প্রতিষ্ঠাতা এডমিন ও সংবাদকর্মী এম আবু হেনা সাগরসহ ঐক্য পরিবারের নেতৃবৃন্দরা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.