সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই খুন

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই খুন


হুমায়ুন কবির জুশান; উখিয়া :
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে স্বামীর হাতে স্ত্রী খুনের চাঞ্চল্যকর ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। পৃথক আরেক ঘটনায় এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

জানা যায় বুধবার দিবাগত রাত ১টার দিকে কুতুপালং ডি-৫ ব্লকে স্বামীর হাতে স্ত্রী হত্যার ঘটনাটি ঘটে। উখিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করেছে। নিহত সাবেকুন্নাহার প্রকাশ নুর ফাতেমার (১৯) পিতা ইজ্জত আলী জানান, কায়সার নামের এক রোহিঙ্গা যুবক অবিবাহিত দাবি করে ৩ মাস পূর্বে তার মেয়েকে বিয়ে করে। বিয়ের পর থেকে তার পূর্বের স্ত্রীর প্ররোচনায় মাদকাসক্ত কায়সার প্রতিরাতেই নুর ফাতেমাকে মারধর করে ভাত কাপড় না দিয়ে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে আসছিল। বুধবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ইয়াবা সেবন নিয়ে তর্কবিতর্কের পরে নুর ফাতেমা অভুক্ত অবস্থায় ঘুমিয়ে পড়ে।

নুর ফাতেমার বড় ভাই সিরাজ জানান, ওই রাত ১টার দিকে পূর্ব পরিকল্পিতভাবে নেশাগ্রস্ত অবস্থায় কায়সার তার বোনকে ঘুমন্ত অবস্থায় গলায় ফাঁস দিয়ে হত্যা করে। এ ঘটনায় নুর ফাতেমার পিতা ইজ্জত আলী বাদি হয়ে উখিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের জানান, স্ত্রী হত্যাকারী কায়সারকে গ্রেফতারের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে উখিয়ার বালুখালী বি-৪৩ রোহিঙ্গা ক্যাম্পের বদিউজ্জামানের ছেলে মো. ইসলাম (৩৫) নামের এক যুবককে অজ্ঞাতনামা রোহিঙ্গা দুর্বৃত্তরা পিটিয়ে হত্যা করেছে। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উখিয়া থানা পুলিশ বালুখালী বি-১৭ নম্বর ক্যাম্প থেকে নিহতের লাশ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করেছে।

এ ঘটনায় তার ভগ্নিপতি আহম্মদ হোসেন বাদি হয়ে অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে উখিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.