সাম্প্রতিক....
Home / জাতীয় / ‘এ লজ্জা কোথায় রাখি!’

‘এ লজ্জা কোথায় রাখি!’

অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। ছবি: সংগৃহীত

সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মুক্তমঞ্চে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন কবি, শিল্পী, সাহিত্যিক, নির্মাতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা এই হামলাকে ঘৃণ্য ও লজ্জাজনক আখ্যা দিয়ে দোষীদের দ্রুত বিচার চেয়েছেন।

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক ঘেঁটে জানা গেছে সেসব প্রতিক্রিয়া। ৩ মার্চ, শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শাবিপ্রবির মুক্তমঞ্চে সন্ত্রাসী হামলায় আক্রান্ত হন শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল। সন্ধ্যার পর থেকে এ নিয়ে ফেসবুকে একের পর এক স্ট্যাটাস দেন বিশিষ্ট নাগরিকরা।

বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহার এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে লিখেন, ‘মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলা ও ছুরিকাঘাতের তীব্র নিন্দা জানাই। তাঁর দ্রুত সুস্থতা কামনা করি।’

জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী জাফর ইকবালকে হামলার একটি খবর শেয়ার করে লিখেন, ‘আমার মনে অনেকগুলো চিন্তা আসছে। অনেক কিছু বলার আছে।’

ঘটনার রাতেই প্রখ্যাত জাদুশিল্পী জুয়েল আইচ সবাইকে মানসিকভাবে শক্ত থাকার আহ্বান জানিয়ে লিখেন, ‘হত্যার উদ্দেশ্যে ড. জাফর ইকবালের মাথায় দুর্বৃত্তরা উপর্যুপরি ছুরি মেরেছে। চার-পাঁচটা আঘাতের মধ্যে কয়েকটা মারাত্মক। সিলেট থেকে তাঁকে হেলিকপ্টারে ঢাকা নিয়ে আসা হয়েছে। জরুরি ভিত্তিতে সম্মিলিত সামরিক হাসপাতালে তাঁর শল্যচিকিৎসা চলছে। তাঁর জ্ঞান আছে। কথা বলতে পারছেন। তিনি আপাতত আশঙ্কামুক্ত। সবাই সাহসী থাকুন।’

ক্ষোভ জানান খ্যাতিমান কবি ও সাংবাদিক আবু হাসান শাহরিয়ার। এ দেশ সৃজনশীল মানুষদের গ্রহণ করে না অভিযোগ করে তিনি লিখেন, ‘কীর্তিমানদের সহ্য করে না এই দেশ। এ লজ্জা কোথায় রাখি!’

ভিন্ন মতকে যারা সহ্য করতে পারে না, তাদের ইতিহাস অগ্রগতির পথে শত্রু মনে করে উল্লেখ করে বিশিষ্ট সাংবাদিক ও ইংরেজি দৈনিক নিউ এজের সম্পাদক নুরুল কবির বলেন, ‘অধ্যাপক জাফর ইকবালের আক্রমণকারীর যদি কোনো রাজনৈতিক পরিচয় থাকে, সেটিও প্রকাশ করতে হবে।’ হামলাকারীকে অবশ্যই বিচারে আওতায় আনতে হবে বলেও দাবি জানান তিনি।

জাফর ইকবালের হামলাকারীরা ইসলাম ধর্মের অনুসারী বলে দাবি করেছেন প্রয়াত কবি, ঔপন্যাসিক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক হুমায়ুন আজাদের ছেলে অনন্য আজাদ। ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লিখেন, ‘জাফর ইকবালের ওপর আক্রমণে যারা উৎফুল্ল এবং আনন্দিত, তারা সকলেই মুসলমান। চাপাতির সাথে মুসলমানের সম্পর্ক অবিচ্ছেদ্য।’

শুধু ক্ষোভ বা নিন্দাই নয়, সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকেই এ ধরনের হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আহ্বান করছেন। তেমনই একজন শহীদ আলতাফ মাহমুদের কন্যা শাওন মাহমুদ। একের পর এক হামলায় শঙ্কা প্রকাশ করে তিনি লিখেন, ‘জাফর ইকবাল স্যার ভালো আছেন। আশঙ্কামুক্ত আছেন। কিন্তু দেশের সকলের আগামীর দিনগুলোতে নিশ্চিন্তে ঘুমানোর আনন্দ কেড়ে নিয়ে গেল কোনো একদল মগজে ঘুণ ধরা কীটেরা।’

একই স্ট্যাটাসে সবাইকে জেগে উঠতে বলে শাওন লিখেন, ‘সবাই জেগে উঠুন। রুখে দাঁড়ান এইসব কীটের বিরুদ্ধে। আমাদের আগামীর জন্য প্রতিবাদী হয়ে উঠুন। দেশের মানুষ নিশ্চিন্তে ঘুমাক।’

সূত্র:সিফাত বিনতে ওয়াহিদ-priyo.com;ডেস্ক।

 

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.