
খালেদা জিয়ার মামলার নথিভর্তি ট্রাংক।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার নথি হাইকোর্টে এসে পৌঁছেছে। ১১ মার্চ, রবিবার দুপুর ১টার দিকে হাইকোর্টের ডেসপাস শাখায় একটি ট্রাংকে করে নথিগুলো আসে। বিএনপিপন্থি আইনজীবী একেএম এহসানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এহসানুর রহমান জানান, দুপুর ১টার দিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার প্রয়োনীয় নথি হাইকোর্টে এসে পৌঁছেছে।
এ ছাড়া ডেসপাস শাখার কর্মচারী রাসেলও বিষয়টি প্রিয়.কমকে নিশ্চিত করেন।
যদিও এর আগে নথি ছাড়াই খালেদা জিয়ার জামিন দিতে পারেন বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট একটি ডিভিশন বেঞ্চ এই মন্তব্য করেন।
তখন আদালত মন্তব্য করেন, ‘খালেদা জিয়ার মামলার রায়ের বিষয়ে নিম্ন আদালতের নথি এখনো হাইকোর্টে আসেনি। কিন্তু আদালতের এখতিয়ার ও প্রথা রয়েছে নথি ছাড়াই আদেশ দেওয়ার। সেই এখতিয়ার তো আমাদের প্রয়োগের সুযোগ আছে। যেহেতু নিম্ন আদালতের নথি তলব করে আদেশ দিয়েছিল, আজকে সেই আদেশ প্রতিপালনের দিন শেষ হচ্ছে। দেখি আদেশ প্রতিপালন হয় কিনা।’
গত ৮ মার্চ এ মামলায় খালেদা জিয়ার জামিন আবেদনের বিষয়ে আদেশের জন্য ১১ মার্চ দিন ধার্য করেন হাইকোর্ট। এই দিন হাইকোর্টে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। আজ খালেদা জিয়ার জামিন আবেদনটি কার্যতালিকার (কজলিস্ট) এক নম্বরে রাখা ছিল।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় গত ৮ ফেব্রুয়ারি দুপুরে খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন রাজধানীর বকশীবাজারেস্থাপিত অস্থায়ী পঞ্চম বিশেষ জজ আদালত। রায় ঘোষণার পরপরই তাকে ওই দিন বিকালে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। তখন থেকে খালেদা জিয়া সাজা ভোগ করছেন।
সূত্র:আমিনুল ইসলাম মল্লিক-priyo.com;ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.