
নিজস্ব প্রতিনিধি :
কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারায় সড়কে ৬ ভাই নিহতের ঘটনায় পিকআপভ্যান চালক সাইদুল ইসলাম (২৭)কে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। রায় ঘোষণাকালে আসামি আদালতে উপস্থিত ছিলেন বলে জানান পিপি।
রোববার (১১ জুন) দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাঈল এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

পিপি বলেন, মামলাটি অত্যন্ত চাঞ্চল্যকর হওয়ায় দ্রুত বিচারিক কার্যক্রম শেষ করা হয়। এতে এটি হত্যাকাণ্ড হিসেবে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। সার্বিক প্রক্রিয়া শেষ করে মাত্র এক বছর চার মাসের মাথায় রায় ঘোষণা করা হলো।
এ ঘটনায় নিহতদের ভাই পল্লব সুশীল বাদী হয়ে চকরিয়া থানায় মামলা করেন। মামলার তদন্তের দায়িত্ব প্রথমে হাইওয়ে পুলিশকে দেয়া হলেও পরে পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। ঘটনার চারদিন পর ১২ ফেব্রুয়ারি মাদারীপুরে অভিযান চালিয়ে পিকআপভ্যান চালক সাইদুল ইসলাম সাইফুলকে আটক করে র্যাব।
উল্লেখ্য, ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৫টায় চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকায় বাবার শ্রাদ্ধ উপলক্ষে ৯ ভাই-বোন শ্মশানে পূজা দিতে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যানের চাপায় পাঁচ ভাই- অনুপম শীল (৪৮), নিরুপম শীল (৪৫), দীপক শীল (৪০), চম্পক শীল (৩৮) ও স্মরণ শীল (৪৬) নিহত হন। পরে আহত আরেক ভাই রক্তিম শীল ২২ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘটনার চারদিন পর ১২ ফেব্রুয়ারি মাদারীপুরে অভিযান চালিয়ে পিকআপভ্যান চালক সাইদুল ইসলাম সাইফুলকে আটক করে র্যাব।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.