মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় আপন চাচাকে জবাই করে হত্যা করেছে ভাতিজা। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের টুটিয়া পাড়া মাটির কিল্লা এলাকায় ঘটনা ঘটে। নিহত নুরুল হুদা (৫৫) একই ইউনিয়নের মগনামা পাড়া এলাকার ৩নং ব্লকের আবুল আহমদের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত একটি রক্তমাখা ছুরি উদ্ধার করে।
স্থানীয়দের বরাত দিয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. জহিরুল ইসলাম খান জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ভাতিজা আবু বক্কর ছিদ্দিকসহ কয়েকজন লোক নুরুল হুদাকে বদরখালী বাজারস্থ মৌলভী মাহবুবুল হকের দোকানের সামনে থেকে ডেকে নিয়ে যায়। পরে রাত সাড়ে ১২টার দিকে মাটির কিল্লা এলাকায় নুরুল হুদার জবাই করা লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে রাত ১টার দিকে চকরিয়া থানার সেকেন্ড অফিসার তানভীর আহমদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরো জানান, নিহত নুরুল হুদা ও তার ভাতিজা আবু বক্কর ছিদ্দিকদের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে। নুরুল হুদাকে ধারালো ছুরি দিয়ে জবাই করে হত্যা করা হয়েছে। হত্যায় জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.