
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের পাহাড়ি জনপদের কুখ্যাত সন্ত্রাসী ইনু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড শহীদুল ইসলাম প্রকাশ সবিদুল হক প্রকাশ শফি দিয়াকে অবশেষে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুকান্ত চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ ঝটিকা অভিযান চালিয়ে গত মঙ্গলবার তাকে গ্রেপ্তার করে।
এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় দেশীয় তৈরী একনলা বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ। গ্রেপ্তার হওয়া শহীদ ডুলাহাজারার নয়াপড়ারা সেকান্দর আলীর ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, সে ২০০০ সালে বসত ঘরে খুনসহ ডাকাতি, ২০০১ সালে সড়ক ডাকাতি, ২০১৪ সালে বনকর্মীদের মারধর, ২০১৫ সালের শুরুতে খুন ও একই বছরের শেষ দিকে অস্ত্র আইনে দায়ের হওয়া পাঁচটি মামলার আসামী। পুলিশ অসংখ্যবার তাকে গ্রেপ্তার করতে অভিযান চালালেও ব্যর্থ হয় সাঙ্গপাঙ্গসহ পাহাড়ি অরণ্যে আত্মগোপন করে থাকায়।
অভিযোগ রয়েছে, ধৃত শহীদ বাহিনী প্রধান ইনুর নির্দেশনায় অর্ধশতাধিক ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ আদায় করেছে। সড়ক, বসতঘর ও চিংড়ি ঘেরে ডাকাতির প্রতিটি ঘটনায় ইনুর পরিবর্তে নেতৃত্ব দিত শহীদ। তাদের বাহিনীর সদস্যদের কাছে বেশ ক’টি আগ্নেয়াস্ত্র রয়েছে। শহীদকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে ওই অস্ত্র উদ্ধারের পাশাপাশি ডাকাতি ও অপহরণে জড়িত ডুলাহাজারা-খুটাখালীর ২০-২৫জন সশস্ত্র সন্ত্রাসীকে সনাক্ত করা সম্ভব হবে বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানায়।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.কামরুল আজম বলেন, বন্দুকসহ গ্রেপ্তার হওয়া শহীদ ইনু বাহিনীর সেকেন্ড ইন কামান্ড। পুলিশের হাত থেকে রক্ষা পেতে সে বিভিন্নস্থানে বিভিন্ন নাম ও ছদ্মবেশ ধারণ করে চলতো। অবশেষে একাধিক সোর্স নিয়োগ করে সুনিদিষ্ট কবর নিয়েই এসআই সুকান্ত চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরো একটি মামলা দায়ের করা হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.