
মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়া পৌরসদরের একটি মার্কেটের ছাদে খেলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পঙ্খীরাজ জলদাশ (১৮) নামের এক তরুণ মারা গেছে। শুক্রবার বিকেল ৫টার দিকে পৌরশহরের ৪নং ওয়ার্ডস্থ সায়মা প্লাজার ছাদে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া পঙ্খীরাজের সাথে থাকা দুই বন্ধুকে জিজ্ঞাসাবাদ করতে হেফাজতে নিয়েছে পুলিশ।
নিহত পঙ্খীরাজ জলদাশ চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ছাইরাখালী এলাকার কপিল জলদাশের ছেলে। সে কাঠ মিস্ত্রীর সহযোগী হিসেবে কাজ করতো।
প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় দুইজন দোকান কর্মচারী বন্ধুর সাথে পঙ্খীরাজ পৌরশহরের সায়মা প্লাজার ছাদে উঠে খেলছিলো। ওইসময় ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনে জড়িয়ে পঙ্খীরাজ পুড়ে যায়। পরে চকরিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
চকরিয়া থানার ওসি মো.শফিকুল আলম চৌধুরী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। নিহত তরুণের অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.