মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ার লক্ষ্যারছরে বিষধর সাপের ছোবলে শাহেনা বেগম নামে এক মহিলার মৃত্যু হয়েছে এবং অপরদিকে চকরিয়া পুলিশ অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে।
জানা যায় শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শাহেনা বেগম চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের জহির পাড়া এলাকার মৃত বশর মিয়ার স্ত্রী ও একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ওয়াসিমের মাতা।
লক্ষ্যারচর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তাফা কাইছার জানান, শনিবার সকালে বাড়ির উঠানে শিমের বীজ রোপন করছিলেন। এ সময় গর্ত থেকে একটি বিষাক্ত সাপ বের হয়ে শাহেনার হাতে ছোবল মারে। এতে ঘটনাস্থলে মারা যায় শাহেনা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে চকরিয়া পুলিশ অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে। শনিবার ভোররাত দেড়টার দিকে চকরিয়া-বদরখালী-মহেশখালী সড়কের ইলিশিয়া এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। তার শরীরের আঘাতের চিহ্ন থাকায় ধারনা করা হচ্ছে হত্যা করে অজ্ঞাত যুবকের লাশ রাস্তার পাশে ফেলে দেয়া হয়।
বদরখালী নৌ-পুলিশ ফাঁড়ির আইসি মোহাম্মদ ইসমাইল জানান, শনিবার ভোররাত দেড়টার দিকে নিয়মিত টহল দেয়ার সময় এক যুবককে রাস্তার পার্শ্বে পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তার কোন পরিচয় পাওয়া যায়নি।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো: জহিরুল ইসলাম খান জানান, অজ্ঞাত ওই যুবকের শরীরে জখমের চিহ্ন রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে সঠিক তথ্য জানা যাবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.