সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়া থানার ওসির বিচক্ষণতায় গ্রেফতার থেকে বেঁচে গেল কৃষক ইব্রাহীম

চকরিয়া থানার ওসির বিচক্ষণতায় গ্রেফতার থেকে বেঁচে গেল কৃষক ইব্রাহীম


মুকুল কান্তি দাশ; চকরিয়া :
মো.ইব্রাহীম, বয়স ৪৫। একজন কৃষক। কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ কাকারা এলাকার সুলতান আহমদের ছেলে। কখনো ঢাকা যাওয়া হয়নি ইব্রাহীমের। তবুও ঢাকার মিরপুর থানা থেকে চকরিয়া থানায় আসে একটি অস্ত্র মামলায় গ্রেফতারী পরোয়ানা। এই গ্রেফতারী পরোয়ানামুলে বুধবার সন্ধ্যায় চকরিয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে। তবে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাবিবুর রহমানের বিচক্ষণতায় আইনী জটিলতা থেকে বেঁচে যান কৃষক মো.ইব্রাহীম।

খোঁজ নিয়ে জানা গেছে, কৃষক ইব্রাহীম জন্মের পর থেকে কখনও ঢাকা যায়নি। তারপরও সে রাজধানীর মিরপুর থানার অস্ত্র মামলার আসামী। খেটে-খাওয়া নিরীহ কৃষক গ্রেফতারী পরোয়ানামূলে বুধবার পূর্বানী পরিবহণে করে বান্দরবান যাওয়ার সময় আকস্মিক ভাবে চকরিয়া থানা পুলিশের কাছে গ্রেফতার হন তিনি। কৃষক ইব্রাহিমকে গ্রেফতারের পর থানায় নেয়া হয়। এখবর ইব্রাহীমের বাবা সুলতান আহমদ জানতে পেরে থানায় ছুটে যান।

ধৃত কৃষকের ব্যাপারে জানতে কাকারা ইউপি চেয়ারম্যান শওকত ও বেশ কয়েকজন সাংবাদকর্মী ঘটনার সঠিক তথ্য জানার জন্য ওসি হাবিবুর রহমানের সাথে আলাপ করেন। এসময় ওসি হাবিবুর রহমান কৃষক ইব্রাহীমের গ্রেফতারী পরোয়ানা দেখে সন্দেহ পোষন করলে ওসি তাৎক্ষণিক মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাছে জানতে চাইলেন মিরপুর থানার ৮৯ (৪) ১৯-এ অস্ত্র আইনে দায়েরকৃত কোন মামলা রয়েছে কিনা?

পরে মিরপুর থানার ওসি কাগজপত্র দেখে নিয়ে ৫মিনিট পর তিনি মিরপুর থানায় এ ধরণের কোন মামলা হয়নি বলে জানান। তখন পরোয়ানাটি সম্পূর্ণ ভুয়া তা প্রমাণিত হয়।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাবিবুর রহমান বলেন, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে পুলিশ সুপার কক্সবাজার কার্যালয়ের মাধ্যমে ডাকযোগে চকরিয়া থানায় গ্রেফতারী পরোয়ানাটি প্রেরণ করা হয়। এই গ্রেফতারী পরোয়ানাটি ভুয়া। তাই এই ঘটনায় একটি জি.ডি করে নিরীহ কৃষক মো.ইব্রাহীমকে স্থানীয় চেয়ারম্যানের জীম্মায় ছেড়ে দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, কারা এই ঘটনার সাথে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে পার্বত্য জেলা বান্দরবানের আলীকদম উপজেলার আমতলী চরে কৃষক ইব্রাহিমের সাথে একজনের ভূমি বিরোধ রয়েছে বলে জেনেছি। ভূমি বিরোধ নিয়ে এ ঘটনা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.